২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে পুলিশের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়িতে রোববার পুলিশ একটি ইংরেজি দৈনিকের সাংবাদিককে লাঞ্ছিত করে প্রায় পাঁচ ঘণ্টা থানায় আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 05:11 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

‘ডেইলি নিউজ টুডে’ এর অপরাধ প্রতিবেদক হিসেবে কর্মরত ওই সাংবাদিকের নাম ঈসারত হোসেন ঈশা।

সাংবাদিক ঈশা বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সকাল সাড়ে আটটায় সিএনজি অটোরিক্সায় চড়ে গোপীবাগ থেকে অফিসের উদ্দেশে রওনা দেন তিনি। যাত্রাবাড়ি এলাকায় একটি চেকপোস্টে কর্তব্যরত কনস্টেবল ওই সিএনজিকে থামায়। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও কনস্টেবল আমিনুল চালককে গালাগাল শুরু করেন। তিনি অটোরিক্সার কাগজপত্র রেখে দেন। সাংবাদিক ঈশা এ সময় আমিনুলকে কাগজ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে উল্টো তিনি ঈশাকে গালাগালি শুরু করেন।

একপর্যায়ে রাস্তার অপর পাশে দাঁড়ানো দুই সার্জেন্ট ঘটনাস্থলে এগিয়ে আসেন। তাদের মধ্যে সার্জেন্ট এমদাদ ইশার অ্যাক্রিডিটেশন কার্ড এবং পরিচয়পত্র ছিনিয়ে নেন। পরে ওয়াকিটকিতে যুগ্ন কমিশনার (ট্রাফিক) জসীমউদ্দিন আহমেদের নির্দেশে ইশাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর দুপুর দুইটার দিকে ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে থানায় গিয়ে ইশাকে ছাড়িয়ে আনেন।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা অহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ট্রাফিক পুলিশের সঙ্গে কথা কাটাকাটির কারণে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

অন্যদিকে যুগ্ম কমিশনার জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর এর কাছে ইশাকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন আহমেদ এবং সার্জেন্ট এমদাদসহ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে।