২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র সরোয়ারের মামলার তিন সাক্ষীর বিরুদ্ধে আদালতের পরোয়ানা

বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তিন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 05:05 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রোববার নির্ধারিত তারিখে সাক্ষ্য দিতে আদালতে না আসায় বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক রবিউল হাসান ওই তিন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এরা হচ্ছেন- কারিকর বিড়ির সাধুর বটতলা কারখানার ম্যানেজার ফিরোজ আহমেদ এবং শ্রমিক জহিরুল ইসলাম ও মনির হোসেন। মেয়র সরোয়ার করিকর বিড়ির ওই শাখার মালিক।

মামলা করার পর দীর্ঘ ছয় বছরে ৩৬ বার তারিখ দেওয়া হলেও বাদী মেয়র সরোয়ার সাক্ষ্য দিতে না আসায় গত ৩০ এপ্রিল তার বিরুদ্ধেও একইভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর গত ৭ মে তিনি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন।

২০০১ সালে ১ নভেম্বর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর মজিবর রহমান সরোয়ার ছয় জনকে আসামী করে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৮ সালের ২৯ ডিসেম্বর থেকে টানা ৬ দিন সন্ত্রাসীরা বরিশালের কাউনিয়ার মেয়রের বিড়ি কারখানায় বোমা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং উৎপাদন বন্ধ করে দেয়।

তৎকালীন এপিপি কাজী এনায়েত হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এই মামলার অভিযোগ গঠনের পর বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাক্ষ্য দেওয়ার জন্য ২০০৪ সালে ১৬টি, ২০০৫ সালে ১৫টি এবং ২০০৬ সালের মে মাস পর্যন্ত ৫টি তারিখ নির্ধারণ করেন। মেয়র সরোয়ার ওইসব তারিখের একটিতেও আদালতে হাজিরা না দিলে গত ৩০ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।