২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ জুনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করবেন পোশাক শিল্প মালিকরা

পোশাক শিল্পে সংকট নিরসনে সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তি আগামী ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন পোশাক শিল্প খাতের মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 03:03 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রোববার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ ও বেপজা প্রতিনিধিরা এই অঙ্গীকার করেন।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের বলেন, দেশের চার হাজার একশ পোশাক শিল্প কারখানাই ৩০ জুনের মধ্যে এই চুক্তি বাস্তবায়ন করা হবে। চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলির সব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে।”

তিনি জানান, এরই মধ্যে ৭০ শতাংশ কারখানায় এই চুক্তি এবং শর্তগুলো বাস্তবায়ন করা হয়েছে। যারা বাস্তবায়ন করেনি চিঠি দিয়ে একমাসের মধ্যে তাদের চুক্তি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ত্রিপক্ষীয় চুক্তিতে শ্রম আইন অনুযায়ী বেতন দেওয়া, বকেয়াসহ নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা, নিয়োগপত্র দেওয়া এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো উল্লেখ আছে।

এ বিষয়ে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, “৩০ জুনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মালিক সংগঠনের নেতারা। আগে না করলেও এখন সরকারের চাপে তারা চুক্তি বাস্তবায়ন করছেন।”

তিনি জানান, পোশাক খাতের জন্য গঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ কাজ শুরু করেছে। তারা বিভিন্ন গার্মেন্টসে পর্যবেক্ষণ করছে এবং জটিল পরিস্থিতি সৃষ্টি হলে নিরসনের চেষ্টা করছে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও জানান, শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন জটিল পরিস্থিতি সৃষ্টিকারী মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’সহ সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।