২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে পরিচালক নিয়োগ করবে দুর্নীতি দমন কমিশন

চট্টগ্রাম বন্দরে দুর্নীতি রোধে একজন পরিচালক নিয়োগের ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শনিবার চিটাগং চেম্বার ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত গোলটেবিল বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

হাসান মশহুদ বলেন, “চট্টগ্রাম বন্দর দুর্নীতিমুক্ত না হলে দেশের সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের স্বার্থেই এ বন্দর দুর্নীতিমুক্ত রাখা জরুরি। এ জন্য শুধু চট্টগ্রাম বন্দরে দুর্নীতি দমন কমিশনের এক জন পরিচালক পাঠানো হবে।”

তিনি বলেন, “এখন সরাসরি অ্যাকশনে যাওয়ার সময় এসেছে। এখন যদি কিছু করা না যায় তাহলে দু’বছর পর আর সুযোগ নাও থাকতে পারে।”

‘চট্টগ্রাম বন্দর: স্বচ্ছ্বতা ও জবাবদিহিতার জন্য চাই মৌলিক সংস্কার’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবির ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ এম হাফিজউদ্দিন খান।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান এ এম এম শাহাদাত হোসেন, কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন, চবকের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এস এম ফিরোজ আহমেদ, চিটাগাং চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, বিজিএমইএ এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বাংলাদেশ শিপার্স কাউন্সিলের সভাপতি মাহাবুব আলী, এফবিসিসিআইয়ের পরিচালক আমিরুল হক, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছলিমুল্লাহ প্রমুখ।

বৈঠকে টিআইবির পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের দুর্নীতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বন্দরে দুর্নীতির কথা স্বীকার করলেও বৈঠকে উপস্থিত বন্দর ও শুল্ক কর্মকর্তারা টিআইবির প্রতিবেদনকে একপেশে বলে সমালোচনা করেন।

আত্ম সমালোচনা করে ব্যবসায়ীরাও বলেন, দুর্নীতির সঙ্গে কেবল বন্দর ও শুল্ক কর্মকর্তারাই নয়, অনেক ব্যবসায়ীও জড়িত।