২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেলের ছাত্রবাসে বিএনপি ও আওয়ামী সমর্থক চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১০

রাজধানীর শাহাবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক দুই দল চিকিৎসকের সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 09:46 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

গুরুতর আহত ডা. নজরুল ইসলামকে ওই হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের সাত তলার ডাইনিং হলে বিএনপি সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) চিকিৎসকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্নাতোকোত্তর পর্যায়ের একজন শিক্ষার্থী জানান, স্বাচিপ সমর্থক চিকিৎসকরা শুক্রবার পোস্ট-গ্র্যাজুয়েট ছাত্রাবাসের দেওয়াল থেকে জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টার ছিড়ে ফেলে। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। শনিবার সকালে ড্যাব সমর্থক চিকিৎসকরা ক্যান্টিনে চা খেতে গেলে এবং একই সময়ে স্বাচিপের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে ইউরোলজি বিভাগের চিকিৎসক ডা. নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়।

ড্যাবের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “স্বাচিপের লোকজন ছাত্রবাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। আমরা সেটা এড়াতে চাই। আগেও তারা এধরনের উস্কানিমূলক আচরণ করেছে।”

অন্যদিকে স্বাচিপের সভাপতি ডা. মো.শারফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ওই সময়ে আমি ওটিতে ব্যাস্ত ছিলাম। এ সম্পর্কে বেশি কিছু জানি না। সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন।”

স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া স্বপন ড্যাবের সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার জানা মতে, কিছু বহিরাগত ছেলে এ কাজ করেছে। আমাদের কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে যুক্ত নয়।”

শাহাবাগ থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, দুই পক্ষের দুই চিকিৎসক ডা. মো. নজরুল ইসলাম ও ডা. কাজী শফিকুল হালিম থানায় এসে এ ব্যাপারে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে গেছেন।