নিষেধাজ্ঞা উঠে গেলে খালেদা-হাসিনাও রাজনীতি করতে পারবেন
খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
জরুরি অবস্থা বা ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে অন্যসব রাজনীতিবিদের মতো খালেদা-হাসিনাও রাজনীতি করতে পারবেন। সময় হলেই ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে সরকার।
শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের এসব কথা বলেন।
সকালে খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলির সদস্য হান্নান শাহ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে আবারো বিদেশে পাঠানোর পাঁয়তারা করছে সরকার। তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাহিম মুনয়েম সরকারের অবস্থান ব্যখ্যা করেন।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে অর্থ ও স্বাস্থ্য উপদেষ্টা ছাড়া বাকি আট উপদেষ্টাই উপস্থিত ছিলেন। বৈঠকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে সরকার উদ্বিগ্ন। তবে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কারণে বাংলাদেশেও দ্রবমূল্য বাড়ছে। বিশেষ করে ভারতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে।”
শনিবারের সাপ্তাহিক বৈঠকে ‘নির্ধারিত এজেন্ডা’ হিসেবে তিনটি বিষয় উপস্থাপন করা হয়। এগুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন ২০০৬, পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণ আইন ২০০৭ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জনশক্তি রপ্তানি সংক্রান্ত সমঝোতা স্মারক অনুমোদন। এর মধ্যে প্রথমটি অনুমোদনের ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও বাকি দুটোর অনুমোদন দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইনে বলা হয়েছে, “২০০৬-০৭ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেবেন। এছাড়া এর আগে যারা এ শ্রেণীতে পড়েছেন কিন্তু পরীক্ষা দেননি তারা মাদ্রাসাবোর্ডের অধীনেই পরীক্ষা দেবেন। কেউ অকৃতকার্য হলে তার রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে বোর্ডের অধীনেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।”
এ ছাড়া পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণ আইনের সঙ্গে একটি বিশেষ বিধান সংযোজন করা হয়েছে। এই বিধান অনুযায়ী ভূমি অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পর ভূমির অবস্থার পরিবর্তন করলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না। যমুনা বহুমূখী সেতুর জন্য ভূমি অধিগ্রহণের অভিজ্ঞতা থেকে এই বিধান সংযোজনের সিদ্ধান্ত নেয় সরকার।
ফাহিম মুনয়েম আরও জানান, ২০ থেকে ২২ মের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শ্রমমন্ত্রী বাংলাদেশে আসবেন। ওই সময় শ্রমিক রপ্তানির বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন তিনি। এ ব্যাপারে দুই দেশের মধ্যে এটিই হবে প্রথম সরকারি সমঝোতা স্মারক।
