২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবস রোববার

মা! পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। প্রায় দশ মাস দশদিন গর্ভে ধারণ করে, অপরিসীম কষ্ট ও যন্ত্রণা ভোগ করে সন্তান জন্ম দেন মা। এরপর সন্তানের মুখের হাসিতে মুহূর্তেই তিনি ভুলে যান দীর্ঘ সময়ের সব দুঃখ এবং কষ্টের স্মৃতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মা যে শুধু সন্তানের জন্ম দিয়েই তার কর্তব্য শেষ করেন তা নয়। সন্তানের বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে পরম মমতায় আগলে রাখেন তাকে, পাশে থাকেন রোগে শোকে। আর তাই এই মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার কৃতজ্ঞ সন্তান পালন করে ‘বিশ্ব মা দিবস’।

যুক্তরাষ্ট্রে ১৮৭০ সালের মে মাসের দ্বিতীয় রোববার জুলিয়া ওয়ার্ড হাওয়ে নিজের মায়ের জন্য একটি দিবস পালনের যে ঘোষণা দেন সেটাই ছিল মা দিবসের প্রথম ঘোষণা। এরপর ১৮৭২ সালে তিনি দিবসটি জাতীয়ভাবে পালনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রে প্রথমদিকে মা দিবসটি পালিত হতো নারী গ্রুপগুলোর একক প্রচেষ্টায়। মূলত আমেরিকান গৃহযুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের মায়েরা সে দিন একত্রিত হতেন। আমেরিকার মিশিগানে ১৮৭৭ সালের মে মাসের ১৩ তারিখে সর্বপ্রথম এ দিনটি জাতীয়ভাবে পালিত হয়। পরে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

পশ্চিমা দেশে এ দিনটিতে সন্তানরা উপহার পাঠায় মায়েদের জন্য। এছাড়া পারিবারিক পর্যায়ে আয়োজিত ছোট অনুষ্ঠানে মায়েদের প্রতি জানানো হয় কৃতজ্ঞতা।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এদিকে মা দিবস উপলক্ষে পৃথক বিবৃতিতে বাংলার মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

খালেদা জিয়া তার বিবৃতিতে মায়েদের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তিনি তাদের সন্তানদের শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার বিবৃতিতে মা দিবসের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশে মায়ের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করার আহ্বান জানান।