মারাত্মক রেণু সংকটে দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা
দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা মারাত্মক রেণু (পিএল) সংকটে ভুগছেন। একদিকে দেশের হ্যাচারিগুলোতে মা চিংড়ির সংকট, অন্যদিকে প্রাকৃতিক উৎস থেকে আশানুরূপ চিংড়ি রেণু সংগ্রহ করতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে। অপর্যাপ্ত সরবরাহের কারণে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ দামে চাষিদের পোনা কিনতে হচ্ছে।
গত সোম ও মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়িপোনার প্রধান দুটি বাজার বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাট ও ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। এই দুটি বাজার থেকে বাগেরহাট ছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার চিংড়ি চাষিরা রেণু কিনে থাকেন। জানাচ্ছেন অলীপ ঘটক
এ অবস্থায় চিংড়ি মওসুমের প্রথম দুই মাস (চৈত্র-বৈশাখ) পেরিয়ে গেলেও জেলার অধিকাংশ চিংড়ি ঘেরে চাষিরা এখনো পোনা ছাড়তে পারেননি। ফলে দেশের সর্ববৃহৎ চিংড়ি চাষ এলাকা হিসাবে পরিচিত বাগেরহাট জেলায় এ বছর চিংড়ি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফয়লা বাজারে প্রাকৃতিক উৎসের বাগদা পোনা বিক্রি হচ্ছে হাজার প্রতি ১১ থেকে ১২ শ টাকা দরে। হ্যাচারির বাগদা পোনা বিক্রি হচ্ছে সাতশ থেকে নয়শ টাকা দরে এবং নোয়াখালী, ভোলা, পটুয়াখালীসহ মেঘনা মোহনা থেকে আসা প্রাকৃতিক বাগদা পোনা বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১৩ শ টাকা দরে। ফলতিতা বাজার ও ফয়লা হাটে প্রতি হাজার গলদা পোনা বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা দরে।
ফয়লা হাট চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতি লিমিটেডের কার্যনির্বাহী সদস্য ও যমুনা ফিশের মালিক ফরহাদ হোসেন এবং ফকিরহাট গলদা-বাগদা ন্যাচারাল চিংড়ি চাষি সমিতির সভাপতি হারুন অর রশিদ জানান, এই দাম গত তিন বছরের তুলনায় দ্বিগুন। তারপরও পোনা সংকট থেকেই যাচ্ছে। আলিফ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধকারী আব্দুল আলিম জানান, তার ঘেরে প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাক্স (বাক্সপ্রতি পাঁচ হাজার পোনা ) চিংড়ি রেণুর চাহিদা থাকলেও হ্যাচারি থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার থেকে ১২ শ বাক্স।
বাগেরহাট জেলা মৎস্য অফিসের হিসাব অনুযায়ী জেলায় এ বছর ৫০ কোটি বাগদা এবং ২০ কোটি গলদা রেণুর চাহিদা রয়েছে। তবে মাঠ পর্যায়ে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ কোনো হিসাব না থাকলেও পোনা ব্যবসায়ী ও চাষিরা বলছেন, ভরা মৌসুমে গলদা ও বাগদা মিলিয়ে তাদের প্রতিদিনের চাহিদা প্রায় সাত কোটি চিংড়ি রেণু। বাগেরহাটের গলদা ও বাগদা ঘেরে চৈত্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত চাষিরা প্রতি ১৫ দিন অন্তর নিয়মিতভাবে সামর্থ্য অনুযায়ী পোনা ছেড়ে থাকেন।
কচুয়া উপজেলার বিছট গ্রামের বাগদা চিংড়ি চাষি আশেক ইব্রাহিম সোমবার ফয়লা হাটে বসে এই প্রতিবেদককে বলেন, প্রাকৃতিক উৎস্য থেকে রেণু মিলছে না বললেই চলে। তার আট বিঘা ঘেরের জন্য প্রায় ত্রিশ হাজার পোনা দরকার। তিনি সাড়ে পাঁচ হাজার টাকা দরে প্রাকৃতিক উৎস থেকে আনা সামান্য কিছু পোনা কিনতে পেরেছেন। মংলার মিঠাখালী ইউনিয়নের গৌরিডাঙ্গা গ্রামের আবু তালেব শেখ বলেন, তার ১৮ একর ঘেরের জন্য তিনি প্রাকৃতিক পোনা কিনতে এসেছিলেন। পোনা না পেয়ে ফিরে যাচ্ছেন।
ফকিরহাট গলদা-বাগদা ন্যাচারাল চিংড়ি চাষি সমিতির সভাপতি হারুন অর রশিদ ফলতিতা বাজারে বসে জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও বাগেরহাটের কয়েকটি হ্যাচারি থেকে কিছু পোনা সরবরাহ আসলেও চাহিদার তুলনায় তা অতি সামান্য। তা ছাড়া হ্যাচারির পোনার মৃত্যুহার বেশি এবং মাছ বেশি বড় হয় না। ছোট থাকতেই মাছের পেটে ডিম আসে। ফলে হ্যাচারির রেণুর প্রতি চাষিদের আগ্রহ কম।
তিনি আরো জানান, মা চিংড়ির সংকটের কারণে অনেক হ্যাচারি বন্ধ আছে। কিছু হ্যাচারি মালিক বাগেরহাটের বিভিন্ন ঘের থেকে ডিমওয়ালা মা গলদা চিংড়ি উচ্চ দামে সংগ্রহ করে নিয়ে গেছেন। এখন ওইসব মা চিংড়ির ডিমের পোনাই বেশি বাজারে আসছে। এ সব পোনার গুণগত মান ভাল না।
বাংলাদেশ হিমায়িত চিংড়ি রপ্তানিকারক সমিতির খুলনা অঞ্চলের অন্যতম পরিচালক ও লখপুর ফিশ প্রসেসিং কোম্পানি লিমিটেডের পরিচালক মো. ফেরদৌস আলম চান ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, গত অর্থবছরে জাতীয় অর্থনীতিতে চিংড়ি খাতে বাংলাদেশের অর্জন ছিল ৩ হাজার দুই শত কোটি টাকা। এর শতকরা প্রায় ৭০ ভাগই এসেছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চল থেকে। ২০০৭ সালে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার কোটি টাকা। কিন্তু রেণু সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নাও হতে পারে।
জাটকা নিধন বন্ধের জন্য সরকার মৎস্য শিকারে নিষাধাজ্ঞা আরোপ করায় এবার মা চিংড়ি সংগ্রহে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া গভীর সমুদ্রে থাইল্যান্ডের জেলেরা অবৈধভাবে প্রবেশ করে মা চিংড়ি শিকার করায় সেখানেও এর সংকট সৃষ্টি হয়েছে বলে জানান ফেরদৌস আলম।
বাগেরহাট জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, রেণু সংকট নিরসনে পরিবেশ কৃষি ও মৎস্য উপদেষ্টা ড. সি এস করিম গত ২৯ এপ্রিল বাগেরহাট সফরকালে প্রাকৃতিক উৎস থেকে রেণু সংগ্রহের ওপর ৩১ মে পর্যন্ত আরোপিত নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করার নির্দেশ দিয়ে গেছেন। আশা করা হচ্ছে এর ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
