ঢাকার পিপি-জিপিদের নিয়োগ বাতিল, নতুন ১২ জন নিয়োগ
জোট সরকারের আমলে নিয়োগ দেওয়া ঢাকার বিভিন্ন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), সরকারি প্রসিকিউটর (জিপি) ও বিশেষ পাবলিক প্রসিকিউটরদের (এসপিপি) নিয়োগ বাতিল করে নতুন ১২ জনকে ওইসব পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
এদের মধ্যে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি মহসীন মিয়ার নিয়োগ নবায়ন করা ছাড়া অন্য সবাইকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নতুন কর্মকর্তাদের মধ্যে ঢাকার সরকারি প্রসিকিউটর (জিপি) পদে নিয়োগ পেয়েছেন জেষ্ঠ্য আইনজীবী খলিকুজ্জামান মন্টু। ঢাকার মহানগর দায়রা ও জজ আদালতের পিপি করা হয়েছে এহসামুল হক সামাজীকে।
ঢাকার পাঁচটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নিয়োগ পেয়েছেন যথাক্রমে আব্দুল কাইয়ুম খান, সোহাইনুজ সামী মল্লিক, নজরুল ইসলাম খান, ফরিদ হালদার ও ফারুক আহমেদ।
এছাড়া ফিরোজ কামরুল হাসান, মোশাররফ হোসেন কাজল, শহীদুল ইসলাম সর্দার ও শাহীন আহমেদ খান ঢাকার চারটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন।
