২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ওয়েজ বোর্ডের ঘোষণা শিগগিরই

সংবাদপত্রে ষষ্ঠ ওয়েজ বোর্ডের ঘোষণা শিগগিরই আসছে বলে জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা জানান বলে রিপোর্টার্স ইউনিটির এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের সব ধরনের সহায়তারও আশ্বাস দেন।

তথ্য উপদেষ্টা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ষষ্ঠ ওয়েজ বোর্ডের বিষয়ে গেজেট নোটিফিকেশন দেওয়া হবে। এর বাস্তবায়ন তদারকির জন্য একটি মনিটরিং কমিটিও থাকবে।

ব্যারিস্টার মইনুল বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড পেতে এখন থেকে সাংবাদিকদের যেন হয়রানির স্বীকার হতে না হয়, সে জন্য তথ্য মন্ত্রণালয় সতর্ক দৃষ্টি রাখবে। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সব প্রতিবেদককে স্থায়ী কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি জমা দিলে স্থায়ী কার্ড প্রাপ্তিতে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের প্রয়োজন হবে না বলে জানান উপদেষ্টা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সম্পাদক আজমল হক হেলাল, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা, জাকারিয়া কাজল, এহসানুল হক বাবু ও আহমেদ দিপু।

তথ্য সচিব দিদারুল আনোয়ার, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার আহম্মেদ এবং তথ্য ও আইন উপদেষ্টার সহকারী একান্ত সচিব সৈয়দ তোশারফ আলী এ সময় উপস্থিত ছিলেন।