শেখ হাসিনা গৃহবন্দি কিনা সরকারকে বলতে হবে: জলিল
আওয়ামী লীগ নেতাদের বুধবার সন্ধ্যার দিকে শেখ হাসিনার বাসায় প্রবেশ করতে বাধা দেওয়ায় দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, “শেখ হাসিনা গৃহবন্দি কিনা সেটা পরিষ্কার করে বলতে হবে। নেতাকর্মীদের সঙ্গে ‘কানামাছি’ খেলা চলবে না।”
আব্দুল জলিলসহ আওয়ামী লীগের চারনেতা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুধাসদনে গেলে পুলিশ প্রথমে তাদের বাধা দিলেও পরে ভেতরে ঢুকতে দেয়। দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী দেখা করতে এলে পুলিশ তাকে প্রথমে ফিরিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ভেতরে যেতে দেওয়া হয়।
তবে সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ এস কে সাদেক ও সৈয়দ আশরাফুল ইসলামকে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে ঢুকতে দেওয়া হয়নি।
শেখ হাসিনার সঙ্গে দেখা করে রাত সোয়া ১০টায় সুধাসদন থেকে বের হয়ে আসেন আব্দুল জলিল, সভাপতিমন্ডলীর দুই সদস্য জিল্লুর রহমান ও সুরঞ্জিত সেনগুপ্ত এবং সুবিদ আলী ভূঁইয়া।
সুধাসদনের সামনে সাংবাদিকদের আব্দুল জলিল বলেন, ‘‘প্রধান উপদেষ্টা একদিকে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলছেন, নেত্রীর চলাচল কিংবা তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অথচ দলের নেতারা এলে তাদের যেতে দেওয়া হচ্ছে না।’’
তিনি বলেন, ‘‘আমাদের ঢোকার সময় বাধা দেওয়া হয়েছে। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভেতরে যেতে হয়েছে। কয়েকজন দেখা করতে না পেরে ফিরে গেছেন।’’
তিনি বলেন ‘‘শেখ হাসিনার বাসায় যাওয়া কিংবা তার বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে কিনা তা সরকারকে পরিষ্কার করে জানাতে হবে। আমরা এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করব।’’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘আমরা আগামীকাল সকাল ১১টায় আসব। তখনও নেত্রীর সঙ্গে দেখা করেই যাব।’’
সুধাসদনের সামনে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে দর্শনার্থীদের ভেতরে যেতে না দেওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন “ভেতরে না যেতে দিতে ওপরের নির্দেশ আছে।” রাত পৌনে ১১টায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে জানান, তিনি ৩২ নম্বরে আছেন। সুধাসদনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সুধাসদনে যেতে না দেওয়ার বিষয়ে তিনি বলেন ভেতরে যাওয়ার ব্যাপারে অনুমতি আছে কিনা সেটা পরীক্ষা করে যেতে দেওয়া হচ্ছে।
