এলডিপির নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট, সংস্কার চেয়ে খোলাচিঠি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠছে। বুধবার দলের প্রচার সম্পাদক শীর্ষ দুই নেতার প্রতি এক খোলা চিঠিতে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক আহবান, গঠনতন্ত্র প্রণয়নসহ দলের ভেতরে সংস্কার কার্যক্রম শুরু করার অনুরোধ জানিয়েছেন।
এর আগে গত ৩ জানুয়ারি নেতৃত্বে দ্বিধা-বিভক্তির কারণ দেখিয়ে শতাধিক নেতা এলডিপি ত্যাগ করেন। আত্মপ্রকাশের ৭ মাস অতিক্রান্ত হলেও এখনো দলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়নি।
এলডিপির একটি সূত্র জানায়, অধ্যাপক বি চৌধুরী, মাহী বি চৌধুরীসহ যারা এক সময়ে বিকল্পধারা করতেন, তাদের বিরুদ্ধে ২২ জানুয়ারি বাতিল হওয়া সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়াসহ নিজস্ব লোকদের গুরুত্বপূর্ণ কমিটিতে নিয়োগ দেওয়ার অভিযোগআছে।
অপর দিকে কর্ণেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন অংশটির বিরুদ্ধে দলকে এগিয়ে নিতে তেমন কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ রয়েছে।
বুধবার বিকেলে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রচার সম্পাদক এ টি এম কামাল গনমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক আহবান, দলীয় গঠনতন্ত্র প্রণয়নসহ দলের ভেতরে সংস্কার কার্যক্রম শুরু করার আবেদন জানিয়েছেন। পার্টির সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ও নির্বাহী সভাপতি কর্নেল অলি আহমেদকে উদ্দেশ্য করে লেখা খোলা চিঠিতে দুর্নীতিবাজ, জঙ্গিবাদের মদদদাতাদের পার্টির নেতৃত্বের পদে অধিষ্ঠিত করায় দলীয় চেতনার পরিপন্থি কাজ হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
এই খোলা চিঠির বিষয়ে কর্নেল অলি আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, এই ধরনের কোনো খোলা চিঠিকে তিনি আমলে নিচ্ছেন না। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতেও তিনি অনীহা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অব.) অলি আহমেদ, বিএনপির মন্ত্রিসভার সদস্য আলমগীর কবির, মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ এক ডজন বিএনপি দলীয় সাবেক সাংসদ ও নেতা এলডিপিতে যোগ দিলে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়। এলডিপি নতুন ধারার একটি শক্তিশালী দল হিসেবে দেশের রাজনীতিতে জায়গা করে নিচ্ছে বলে ধারণা করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু অল্প দিনের মধ্যেই নেতৃত্বে বিরোধের কারণে দলটি সমস্যা পড়েছে।
