ঘরোয়া রাজনীতি চালু করা দরকার: বিএনপি
বিএনপির যুগ্মমহাসচিব ও মূখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কমিশনের সংস্কার করতে হলে অন্তত ঘরোয়া রাজনীতির ওপর বিধিনিষেধ তুলে উচিত। এতে করে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের প্রস্তাবগুলোর ব্যাপারে একটা ঐকমত্যে পৌঁছাতে পারবে।’’
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আলাপচারিতায় তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সন্ত্রাস ও পেশিমুক্ত করতে হলে বিদ্যমান আইনের সংস্কারের বিকল্প নেই। নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারেও নানা প্রস্তাব রয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া এরকম সংস্কার হবে কীভাবে। সেজন্য আলোচনার স্বার্থে ঘরোয়া রাজনীতির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়া উচিত।
বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়া অন্তরীণ কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, সরকার বলছেন, খালেদা জিয়ার স্বাভাবিক চলাচলের ওপর কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আমরা জানি যে, তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা সাক্ষাৎ করতে পারছেন না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নেতাকর্মীরা দেখা করতে পারছেন-এটা ভালো সংবাদ। অথচ বিএনপি নেত্রীর সাক্ষাৎ নেতাকর্মীরা পাচ্ছেন না--এটা দূর্ভাগ্যজনক।
তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার সঙ্গেও তাঁর দলের নেতা-কর্মীরা সাক্ষতের সুযোগ পাবেন।
বিএনপি সূত্র জানায়, বুধবারও শহীদ মইনুল সড়কের বাসভবনে খালেদা জিয়ার বাসায় কোনো নেতা প্রবেশের সুযোগ পাননি। গত চারদিন ধরে খালেদার সাক্ষাৎ না পেয়ে বাসভবনের প্রধান ফটক থেকে ফিরে এসেছেন দলের সিনিয়র নেতা মেজর জেনারেল (অব.) জেড এ খান, সেলিমা রহমানসহ ছয়জন সাবেক সাংসদ ও তিনজন আইনজীবী।
