২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রাজধানীর সূত্রাপুরে সন্ত্রাসীরা বুধবার মো. আসাদুল্লাহ (২৬) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নিহত আসাদুল্লাহর ধোলাইখালে একটি পুরোন লোহার দোকান আছে। হত্যার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ মহসিন ওরফে কালু, রহমত আলী মুন্না এবং ফকির চান্দ নামে তিন জনকে গ্রেপ্তার করেছে।

সূত্রাপুর থানা পুলিশ জানায়, সকাল নয়টার দিকে গ্রেপ্তারকৃত তিনজনসহ ৫/৬ জন সন্ত্রাসী ৭১ লালমোহন শাহা স্ট্রীটের বাড়ি থেকে আসাদুল্লাহকে ডেকে নিয়ে যায়। এরপর পিটিয়ে হত্যা করে আসাদুল্লাহর লাশ ধোলাইখাল, নারিন্দা মোড় চৌড়াস্তায় মুসলিম সুইটস অ্যান্ড বেকারির সামনে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এ ব্যাপারে নিহতের বড় ভাই হাজী মোহাম্মদ রাহাত বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপ-পরিদর্শক অশোক চৌহান মামলা তদন্ত করছেন।