সেনাবাহিনী আর হাসিনা, খালেদা নিয়ে বিবিসির কঠিন প্রশ্নের মুখে ফখরুদ্দীন
দেশটা আসলে চালাচ্ছে কে? নিজের ক্ষমতা ও কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা এ সোজা-সাপ্টা অথচ তেতো প্রশ্নের জবাবেও স্মিত হেসে সাবলীল জবাব দিলেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ।
“সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। তবে তারা কাজ করছে সংবিধানের আওতায়।” বিবিসির পক্ষে বিশেষ সাক্ষাৎকার গ্রহণকারী জন সাডওয়ার্থের চোখের দিকে তাকিয়েই বললেন এক সময়ের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ড. ফখরুদ্দীন।
বুধবার সন্ধ্যায় সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
সেনাবাহিনীর অবস্থান নিয়ে নিজের পক্ষে সাফাই দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন, “সন্দেহ নেই এ সরকারের পেছনে আছে সেনাবাহিনী, তবে তা সংবিধানের আওতায়।”
কেবল সেনাবাহিনী নয়, সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে নিয়েও প্রশ্নের জবাব দিতে হয়েছে ফখরুদ্দীনকে।
“খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই উমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন। এর জন্য সৌদি দূতাবাসের কাছে ভিসাও চেয়েছেন বলে আমাকে জানানো হয়েছে। তিনি কখন দেশের বাইরে যাবেন তা এ সরকার কখনোই ঠিক করে দেয়নি।” ফখরুদ্দীন বিশ্ববাসীকে জানালেন।
“নিরাপত্তার বিবেচনাতেই শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটা তুলে নেওয়া হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন।” একই রকমের আত্মবিশ্বাসের সঙ্গে বললেন চার মাস আগে দেশের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া অর্থনীতিবিদ।
