ফয়জীর এলএলবি টেবুলেশন শিট হাইকোর্টে উপস্থাপন
হাইকোর্টের আলোচিত বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীর এলএলবি পরীক্ষার মূল টেবুলেশন শিট ও নম্বরপত্র হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে।
একইসঙ্গে টেবুলেশন শিটে ঘষামাজার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে আগামী বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সনদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে এ্যাডভোকেট এ এম জিয়া হাবিব আহসানের রিটের শুনানির সময় বিশ্ববিদ্যালয়ের কৌসুলী ব্যারিস্টার তানজিব উল আলম টেবুলেশন শিটটি আদালতে উপস্থাপন করেন।
এর আগে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে একটি ট্রাঙ্কে করে টেবুলেশন শিটটি আদালতে নিয়ে আসে।
আদালত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করেন- টেবুলেশন শিট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা। তাহলে ঘষামাজা হল কীভাবে?
জবাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ব্যারিস্টার তানজিব উল আলম বলেন, একটি চক্র এই ঘষামাজার সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে।
টেবুলেশন শিট ও নম্বরপত্রে কার কার স্বাক্ষর থাকে তা জানতে চাইলে তানজিব উল আলম আদালতকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রারের স্বাক্ষর থাকে।
এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে আদালতে হাজির থাকতে বলেন।
আদালতে বিচারপতি ফয়জীর কৌসুলী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান ও বাদির পক্ষে ব্যারিস্টার হাসান আমিন উপস্থিত ছিলেন।
গত ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিচারপতি ফয়জীর সনদ বাতিল করে। ১০ মার্চ এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হয়। ১৯ মার্চ ফয়জীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার সনদ বাতিলের আবেদন স্থাগিত করে।
