২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হুমকি ‘খুব বেশি’ গুরুত্ব দিচ্ছে না পুলিশ

রাজধানীসহ তিন বিভাগীয় শহরের রেল স্টেশনে বোমা হামলা এবং জঙ্গি সংগঠন জাদিদ আল কায়দার হুমকিকে গুরুত্ব দেওয়ার ‘খুব বেশি’ কারণ দেখছে না পুলিশ। এদিকে হামলাকারী জঙ্গি সংগঠনের বেঁধে দেওয়া সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

অনিকা ফারজানা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

১ মে ঢাকার কমলাপুর, চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনে একযোগে বোমা হামলা হয়। ঢাকা ও সিলেটের বিস্ফোরণস্থল থেকে হুমকি লেখা একটি করে অ্যালুমিনিয়ামের পাত উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাতে লেখা ছিল, “আগামী ১০ মের মধ্যে বিভিন্ন এনজিওতে কর্মরত সবাইকে চাকরি ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে কাদিয়ানিদের অবশ্যই হযরত মুহাম্মদ (স.) কে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বলে মেনে নিতে হবে। আর তা না হলে তাদের মৃত্যু অনিবার্য।” জাদিদ আল কায়েদা, বাংলাদেশ নামের একটি সংগঠনের পরিচয়ে এই হুমকি দেওয়া হয়।

বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এ বিষয়টিকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। তদন্ত চলছে। দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে অনুসন্ধান ও অভিযান অব্যহত থাকবে।”

জাদিদ আল কায়েদার বেঁধে দেওয়া সময় প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, “দেশে যে নিরাপত্তা ব্যবস্থা আছে তাতেই ওই হুমকি সামাল দেওয়া যাবে।”

অবশ্য ওই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গেই নিয়েছি। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো নতুন সংগঠন, না জেএমবির দ্বিতীয় স্তরের কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে তাও অনুসন্ধান চলছে।”

সেই অনুসন্ধান এখন কোন পর্যায়ে-নয়দিন পরও তা জানাতে পারেননি তিনি।

অন্যদিকে, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার গত ২ মে এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন, এ জাতীয় হামলার পূর্বাভাস তাদের গোয়েন্দা বিভাগের কাছে ছিল না।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “এ বিষয়ে র‌্যাব পুলিশ বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। আমরাও দৈনন্দিন কাজের পাশাপাশি জঙ্গি অনুসন্ধান অব্যাহত রাখব। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তো ওই দিন থেকেই বাড়ানো হয়েছে।”

ঢাকার পুলিশ কমিশনার নাঈম আহমেদও জানান, তদন্ত চলছে। তবে ‘তদন্তের স্বার্থে’ ১০ মের হুমকি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো যাবে না।

তবে তিনি বলেন, “বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। চারদিকে কড়া নজর রাখা হয়েছে।”

এদিকে কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ঢাকার বোমা হামলার ঘটনায় জঙ্গি সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ। তবে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তারা।

তিনি জানান, “ওই তিন জনকে সাত দিনের রিমান্ডে রেখে বুধবার আদালতে পাঠানোর কথা। রিমান্ড শুনানি শেষ না হলে কিছুই বলতে পারব না।”

তিনি আরও জানান, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহমান তদন্তের প্রয়োজনে এখন টাঙ্গাইল আছেন। সাদা পোশাকের পুলিশ ছাড়াও প্রচুর পুলিশ মাঠ পর্যায়ে নজর রাখছে। রেলওয়ে স্টেশনগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এদিকে, চট্টগ্রামের পুলিশ কমিশনার মইনুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, “জঙ্গিদের হুমকির বিষয়টি মাথায় রেখেই কাজ করছি। নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে চেক পোস্ট বসানো হয়েছে। রেল স্টেশন, বিভিন্ন এনজিও কার্যালয় ও আহমদিয়া মাদ্রাসাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া বটতলী স্টেশন এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

কোতোয়ালি থানা জোনের সহকারী কমিশনার আবু বকর সিদ্দিকী বলেন, “এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে মাঠপর্যায়ে আমাদের অনেক কর্মী কাজ করছে। ঘটনার দিন রিকশাচালকের হাতে মিষ্টির প্যাকেটে বিস্ফোরক তুলে দেওয়া সেই ভিখারি মহিলার খোঁজে বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে।”

তিনি জানান, এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সিলেট কোতোয়ালি থানার উপ পরিদর্শক চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত ২ মে সকালে দক্ষিণ সুরমার একটি বস্তি থেকে আল আমীন (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান ভূঁইয়া বলেন, “তদন্ত চলছে, তবে আশাব্যঞ্জক কিছু পাওয়া যায়নি।”

সিলেট বিভাগীয় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “বিষয়টি গুরুত্বপূর্ণ না হলেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রতিটি জায়গায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গত ১ মে সকালে প্রায় একই সময়ে রাজধানীর কমলাপুর, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনে একযোগে বোমা হামলা হয়। এতে চট্টগ্রামে একজন আহত হন।