২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার চেয়ে ধর্ষিতের মায়ের সংবাদ সম্মেলন

সন্তান ধর্ষণের বিচার চেয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার এক নারী। সংবাদ সম্মেলন জানিয়েছেন, চোখের সামনে মেয়ের ওপর চালানো সেই বর্বরতার কথা। শুনিয়েছেন বিচার চাওয়ার কারণে কী নির্যাতন নেমে এসেছে তাদের এবং সেই সঙ্গে শুভানুধ্যায়ীদের ওপর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 05:55 PM

Updated : 07 Jul 2022, 04:36 PM

বিচার চাইতে গিয়ে উল্টো হয়রানির শিকার হয়ে এখন সরকারের সৃদৃষ্টি চেয়েছে ফতুল্লার ওই পরিবার।

সম্মেলনে লিখিত বক্তব্যে ওই নারী জানান গত ৬ এপ্রিল রাতের কথা। ওই রাতে তাদের বাড়িতে হানা দেয় এক দল সন্ত্রাসী। ধর্ষিতার মায়ের কথা অনুযাযী তারা হলেন, ফয়েজ আহমেদ, কানা মাসুদ, বিপ্লব, ঢালাই বাবুল ও বায়েজিদ শেখ। অস্ত্রের মুখে তারা মায়ের সামনেই ধর্ষণ করে ‘রোজিনা’কে (আসল নাম নয়)। যাওয়ার সময় হুমকি দেয়, বিষয়টি কাউকে জানালে বিপদ হবে।

হুমকি সত্ত্বেও নির্মম এ অত্যাচারের কথা চেপে রাখতে পারেনি ‘রোজিনা’র পরিবার। পরদিন সকালে এলাকাবাসীকে ঘটনাটি জানান তারা। বিচারের জন্য এলাকাবাসী অভিযুক্ত ফয়েজের ভাই স্থানীয় জামায়াত নেতা ও মুন্সিবাগ মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম অলিউল্লাহ এবং ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আলী আহমেদকে জানায়। ওই দুজন তখন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেও তা না পাওয়ায় ১৬ এপ্রিল ফতুল্ল¬া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

‘রোজিনা’র মায়ের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে নতুন করে নির্যাতনের খড়গ নেমে আসে তাদের ওপর। মামলা করার পরদিন অলিউল্লাহ ও আলী আহমেদ মামলা তুলে নেওয়ার জন্য বলে যায়। নইলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোরও হুমকি দেয় তারা। কয়েকদিন পর তারা ওই হুমকির বাস্তবায়নও দেখায়।

‘রোজিনা’র মা জানান, হয়রানি করতে ধর্ষিতার বাবাসহ এলাকার শুভানুধ্যায়ীদের বিরুদ্ধে দায়ের করা হয় একটি চাঁদাবাজি মামলা। ওই চাঁদাবাজি মামলায় আবদুল খালেক নামে রোজিনাদের এক প্রতিবেশীকে জেলেও যেতে হয়। একই সঙ্গে নির্যাতিতার পক্ষে যাতে কেউ আদালতে সাক্ষ্য দিতে না পারে, সে জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনকে এলাকাছাড়া করা হয়েছে।

ধর্ষিতের মা অভিযোগ করেন, ওয়ার্ড কমিশনার আলী আহমেদ এলাকায় ভূমিদস্যু মেম্বার নামেই পরিচিত। তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। আর অলিউল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্মসাতসহ অনেক অভিযোগ রয়েছে। দুই প্রভাবশালীর কারণেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন ‘রোজিনা’র মা।

সংবাদ সম্মেলনে ধর্ষিতের বাবাসহ নারী-পুরুষ মিলিয়ে এলাকার বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।