পিএসসির ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবেন ড. সা’দত হুসাইন
রাজনৈতিক সরকারগুলোর ব্যাপক দলীয়করণের কারণে বিতর্কিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবেন ড. সা’দত হুসাইন।
বুধবার দুপুর আড়াইটায় সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসাবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. সা’দত হুসাইন সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “দলীয়করণ একটি প্রতিষ্ঠানকে কিভাবে শেষ করে দেয় তা আমি দেখেছি। কাজেই প্রথমে কাজগুলো বুঝে নেবো। পিএসসির জনবল কাঠামো কিভাবে সাজানো হয়েছে তা পরীক্ষা করে দেখবো।”
তিনি বলেন, “যদি দেখি পিএসসি তার গৌরব হারিয়েছে তাহলে তা পুনরুদ্ধারের চেষ্টা করবো। দলীয়করণের পক্ষে আমি নই। তাই পিএসসিকে দলীয়করণ মুক্ত রাখবো। পিএসসির সংস্কার করে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবো। যোগ্যতা ও মেধাই হবে সরকারি কর্মে নিয়োগের ভিত্তি।”
প্রধান বিচারপতি মো. রুহুল আমিন তার সুপ্রিম কোর্টের খাস কামরায় নবনিযুক্ত পিএসসির চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে পিএসসির সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার হোসেইন উপস্থিত ছিলেন।
এদিকে শপথ নিলেও বুধবার পিএসসিতে যাননি ড. সা’দত হুসাইন। দুপুরের পর থেকেই সেখানে গণমাধ্যমের কর্মীরা আসতে শুরু করেন। বিকাল ৪টায় পিএসসির অভ্যর্থনা কক্ষ থেকে জানানো হয়, নবনিযুক্ত চেয়ারম্যান আসবেন না। বৃহস্পতিবার তিনি অফিস শুরু করবেন।
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী গত ৭ মে ড. সা’দত হুসাইনকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেন।
