২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির ভুল হিসাব দেওয়ায় স্ত্রীসহ মামুন ও হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পত্তির বিবরণীতে গরমিলের অভিযোগে গিয়াসউদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহীনা বেগম এবং মামুনের ভাই সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানার আলাদা দুটি মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মঙ্গলবার রাত নয়টায় ক্যান্টনমেন্ট থানায় মামুন দম্পতির বিরুদ্ধে এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম গুলশান থানায় হাফিজ ইব্রাহিম দম্পতির বিরুদ্ধে মামলা দুটো দায়ের করেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহারুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহীনা বেগম কমিশনকে যে হিসাব দিয়েছেন তাতে ৬২ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকার গরমিল পাওয়ায় ওই মামলা করা হয়েছে।”

এ নিয়ে মামুনের বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা, নয়টি চাঁদাবাজির মামলাসহ মোট তেরটি মামলা দায়ের করা হলো।

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “হাফিজ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মাফরুজা সুলতানা কমিশনকে তাদের সম্পদের যে হিসাব দিয়েছেন তাতে ২১ কোটি ৯১ লাখ টাকার গরমিল পাওয়া গেছে।”