সংস্কারের পর বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় ইইউ
রাজনৈতিক দল ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পর বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা। তারা আশা প্রকাশ করেছেন, সংস্কার কার্যক্রম শেষ করেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে সরকার।
ইউরোপীয় ইউনিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে ইইউ প্রতিনিধিরা এ কথা বলেন।
ইউরোপ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে ইইউ-বাংলাদেশ পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার কথা থাকলেও আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়। এছাড়া মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও জাতীয় নেতৃবৃন্দের অবস্থান নিয়েও আলোচনা করেন কূটনীতিকরা।
সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও জার্মানীর রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মাইকে।
এক প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী বলেন, “নির্বাচনের আগে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। রাজনৈতিক দল ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন সংস্কার কর্মসূচি সম্পন্ন করা, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা এবং একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এ কাজগুলো শেষ করে তবেই সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে।”
তিনি আরও বলেন, “ভোটার তালিকাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে নির্বাচনগুলোতে তালিকা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।”
এক সম্পূরক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার কীভাবে করা হবে তা নির্বাচন কমিশনকে বৈঠক করে ঠিক করতে হবে।”
এই প্রসঙ্গে ইইউ প্রতিনিধিদলের প্রধান ড. স্টেফান ফ্রয়েন বলেন, “গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলের সংস্কার খুবই জরুরী।”
বিট্রিশ হাইকমিশনার প্রধান উপদেষ্টার বক্তব্যের উল্লেখ করে বলেন, “২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা সরকারের আন্তরিকতারই বহিঃপ্রকাশ।”
তিনি আরো বলেন, “একটি সাংবিধানিক ব্যবস্থার অধীনেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।”
তবে তিনি মনে করেন না যে বর্তমান সরকারের পেছনে সেনাবাহিনী রয়েছে। তার ভাষায়, “বরং সরকারের প্রতি সেনাবাহিনী ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।”
সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মাইকে বলেন, “গোয়েন্দা বিভাগ থেকে ফোন করে ডেকে পাঠানো বা চায়ের দাওয়াত দেওয়ার মতো বিষয়গুলো যেকোনো গণতান্ত্রিক দেশের জন্যে অন্তর্ঘাতী হতে পারে।”
তার মতে, সাংবাদিকদের সঙ্গে সরকারের ভালো সম্পর্ক বজায় রাখা উচিত।
দেশের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী বলেন, “মানবাধিকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমছে।”
দুই নেত্রীর মানবাধিকার ও মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “দেশে এখন জরুরী অবস্থা চলছে সবাইকে তা মনে রাখতে হবে।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত এইনার এইচ জেনসেন, হল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিমষ্টারবোর, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাক আন্দ্রে কস্তিলহেস, ইতালির রাষ্ট্রদূত পিয়েত্রো বাল্লেরো, সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট ফাল্কম্যান।
এছাড়া স্পেন, চেক রিপাবলিক, গ্রিস, অস্ট্রিয়া. স্লোভাক প্রজাতন্ত্র, সাইপ্রাস, মাল্টা, হাঙ্গেরি, রোমানিয়া ও পর্তুগালের কনসাল জেনারেলরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
