১০ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলায় জামিন পায়নি দ্বীন মোহাম্মদ
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় এক মামলায় জামিন পেলেও অপর মামলায় জামিন হয়নি অভিযুক্ত দ্বীন মোহাম্মদের।
ওই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় সোমবার আদালত থেকে জামিন পান দ্বীন মোহাম্মদ। কিন্তু চোরাচালান মামলায় মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করেন মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেন।
একই দিন আদালত কাইয়ুম বাদশা, মো. ইসমাইল ও আব্দুল কুদ্দুস নামে তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
মহানগর পিপি আব্দুস সাত্তার জানান, চোরাচালান মামলায় এ আসামির জড়িত থাকার বিষয়টি বিভিন্ন সাক্ষী তাদের সাক্ষ্যে উল্লে¬খ করেছেন। তাই রাষ্ট্র্রপক্ষ আদালতে তার জামিনের বিরোধিতা করে। এছাড়া অস্ত্র খালাসের কাজে নিয়োজিত শ্রমিকদেরও সরবরাহ করার অভিযোগ রয়েছে দ্বীন মোহাম্মদের বিরুদ্ধে। তাই তদন্তের স্বার্থেই তার আটক থাকা প্রয়োজন।
পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে রাখার নির্দেশ দেয়।
২০০৪ সালের ২ এপ্রিল রাতে কর্ণফুলী নদীর তীরে সিইউএফএল ঘাটে অস্ত্র খালাস করার সময় ১০ ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। দুটি মামলাতেই দ্বীন মোহাম্মদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়।
দ্বীন মোহাম্মদ গত ২৯ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার ৪৪ আসামির মধ্যে দ্বীন মোহাম্মদসহ তিনজন কারাগারে রয়েছেন। ৩২ জন জামিনে এবং ৯ জন পলাতক রয়েছেন বলে পিপি আব্দুস সাত্তার জানান।
