২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো মৌসুমে ধান ১১.২৫ ও চাল ১৮ টাকায় কিনবে সরকার

চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি বোরো চাল ১৮ টাকা এবং ধান ১১ টাকা ২৫ পয়সায় কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 10:13 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দাম পুনঃনির্ধারণের এ সিদ্ধান্ত হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।

এর আগে চাল ১৬ টাকায় এবং ধান ১০ টাকার কেনা হতো।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০০৭ সালের জন্য তিন লাখ টন ধান ও ১০ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

নতুন মূল্য নির্ধারণের ফলে কৃষকদের স্বার্থরক্ষাসহ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্য উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ বিভাগ সচিবসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনয়েম রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, উপদেষ্টাদের এ বৈঠক ছিল অনির্ধারিত। এতে ধান চালের সংগ্রহ মূল্য পুনঃনির্ধারণের সিদ্ধান্ত হয়।

গত মাসে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অভ্যন্তরীণ বাজার থেকে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ১ মে থেকে সংগ্রহ অভিযানও শুরু হয়। কিন্ত প্রতি কেজি চালের বাজার মূল্য সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি হওয়ায় এক্ষেত্রে সফলতা আসেনি বলে বিভিন্ন সূত্র জানায়।