২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ফেরার সময় মিছিলের ঘটনায় চার পুলিশের শাস্তি

শেখ হাসিনা সোমবার দেশে ফেরার পর বিমানবন্দর এলাকায় মিছিলের সময় দায়িত্বে অবহেলা ও অদক্ষতার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

আবু নোমান সজীব,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 10:48 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এ ছাড়া ওই সময় দায়িত্ব পালনে আর কোন পুলিশ কর্মকর্তার গাফিলতি ছিল কীনা তা জরুরিভিত্তিতে খতিয়ে দেখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তার মধ্যে উত্তরা জোনের পরিদর্শক কামরুজ্জামান খানকে সাময়িক বরখাস্ত এবং উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভীর হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইকবাল হোসেন এবং সহকারি কমিশনার (এসি) এমএম সালাউদ্দিনকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।

মহা-পুলিশ পরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে এ ঘটনার জন্য দায়ি অন্য পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে পুলিশ সদর দপ্তরে একটি প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে দায়িত্বরত সহকারি মহাপরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দায়িত্বে অবহেলা এবং অদক্ষতার অভিযোগে ওই চার কর্মকর্তার বিরুদ্বে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জরুরি অবস্থার মধ্যে সভাসমাবেশ এবং মিছিল নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সোমবার মিছিল চলার সময় ওই পুলিশ কর্মকর্তাদের নিস্ক্রিয়তার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মতিউর রহমান জানান।