হাসিনাকে স্বাগত জানাতে গিয়ে মিছিল করায় মামলা
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মিছিল করার ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের অজ্ঞাত দুই-তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭/৩ ধারায় এ মামলাটি হয়। জরুরি অবস্থায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিছিল হওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফরীদা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, থানার উপ-পরিদর্শক শাহরিয়ার হাসান বাদী হয়ে মঙ্গলবার সকাল আটটায় মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা কে জানতে চাওয়া হলে তিনি বলতে পারেননি।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “মামলার বাদীও পুলিশ, তদন্তকারী কর্মকর্তাও পুলিশ।”
এর বেশি কিছু জানানো সম্ভব নয় বলে রুহুল আমিন জানান।
