আ. লীগ নেতা লোটাস কামাল ২ দিনের রিমান্ডে
কুমিল্লা জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সাংসদ আবু হেনা মোস্তফা কামাল ওরফে লোটাস কামালকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে লোটাস কামালকে হাজির করে সাতদিনের রিমান্ড চায় গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারের তিন মাস পর তাকে রিমান্ডে নেওয়ার এ আবেদন করা হয়। শুনানির পর মহানগর হাকিম সৈয়দ মো. মুজিবুল হক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মাহবুব মোর্শেদ তার প্রতিবেদনে বলেন, লোটাস কামাল শীর্ষ দুর্নীতিবাজদের অন্যতম। তিনি দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে প্রচুর অর্থ-সম্পদ অর্জন করেছেন। তিনি আওয়ামী লীগ আমলে সংসদ সদস্য ছিলেন এবং তার দুর্নীতির সঙ্গে বহু প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত। তার বিভিন্ন ব্যাংক হিসাব এবং তথ্য সংগ্রহ ও সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সনাক্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক।
আদালতে লোটাস কামালের পক্ষে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, গত ৫ ফেব্রুয়ারি তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা করতে পারেনি পুলিশ। তাছাড়া দীর্ঘ তিন মাসেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড না চেয়ে এখন রিমান্ড চাওয়া অযৌক্তিক।
