বিচার আদালত থেকে জামিন পেলেন নিজামীসহ ১০ জামায়াত নেতা
২৮ অক্টোবর পল্টনে ছাত্রমৈত্রী কর্মী রাসেল হত্যা মামলায় মতিউর রহমান নিজামীসহ ১০ জামায়াত নেতা ২২ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
মঙ্গলবার সকালে জামায়াতের ১০ নেতা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মহানগর দায়রা জজ মোহাম্মদ মোমিনউল্লাহ তা মঞ্জুর করেন।
জামিন পাওয়া জামায়াত নেতারা হলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, মকবুল আহমেদ, এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, এটিএম সিরাজুল হক, শফিকুল ইসলাম মাসুদ, জাহিদ হোসেন এবং শিশির মনির।
আদালতে জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ মাহমুদ হাসান। অন্যদিকে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন হাজী মো. নজরুল ইসলাম, গোলাম মোস্তফা খান এবং বোরহানউদ্দিন।
এর আগে সোমবার জামায়াতের পক্ষ থেকে রাসেল হত্যা মামলার অভিযোগ গঠন স্থগিত করার জন্য একটি রিভিশন আবেদন করা হলে বিচারক মোহাম্মদ মোমিনউল্লাহ সেটি প্রাথমিকভাবে গ্রহণ করে ২৩ মে মূল শুনানির তারিখ নির্ধারণ করেন। আবেদনটির মূল শুনানি শেষ হওয়ার পরই অভিযোগ গঠনের বিষয়টি নিস্পত্তি করবে আদালত।
অভিযোগ গঠনের বিষয়টি আপাতত স্থগিত রাখা হলেও মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের নির্ধারিত তারিখে অভিযুক্ত ১০ জনকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। একইসঙ্গে মামলার অভিযোগ দাখিলের আগেই উচ্চ আদালত থেকে জামিন নিলেও তাদেরকে এই বিচারকের কাছ থেকে আবার জামিন নিতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আদালতে হাজির হন।
