২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার এক আসামীর জামিন

চট্টগ্রামে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার দুই নম্বর আসামী দ্বীন মোহাম্মদকে সোমবার জামিন দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেনের আদালতে আসামীর আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

দ্বীন মোহাম্মদের আইনজীবীরা জামিনের আবেদনে বলেন, “এ পর্যন্ত যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তারা কেউ দ্বীন মোহাম্মদের বিরুদ্ধে কোনো তথ্য দেননি। তাছাড়া এ মামলার অন্য সব আসামীই জামিনে আছেন। তাই তার জামিন মঞ্জুর করা হোক।”

মহানগর পিপি আবদুস সাত্তার রাষ্ট্রপক্ষে দ্বীন মোহাম্মদের জামিনের বিরোধিতা করেন।

সোমবার চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার তৎকালীন জিএম একেএম এনামুল হক আদালতে হাজির হয়ে এ মামলায় সাক্ষ্য দেন। তিনি আদালতকে বলেন, ওই সময়ে তিনি ছুটিতে ছিলেন। অস্ত্র আটকের বিষয়টি তিনি পরে বিস্তারিত শুনেছেন।

আদালত আগামী ২৫ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ দেন।

২০০৪ সালের ২ এপ্রিল রাতে কর্ণফুলী নদীর তীরে সিইউএফএল ঘাটে খালাস করার সময় ১০ ট্রাক ভর্তি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই অস্ত্র মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী দ্বীন মোহাম্মদ গত ২৯ জানুয়ারি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। ওইদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলার ১১৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মোট ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া ছয়জন সাক্ষীকে আদালত বৈরি ঘোষণা করেছেন। দ্বীন মোহাম্মদকে জামিনের আদেশ দেওয়ার পর এ মামলার ৪৩ জন আসামীর মধ্যে ৩২ জন জামিন পেলেন। বাকিদের মধ্যে দুইজন কারাগারে ও আটজন পলাতক আছেন।