২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক জালিয়াতির দায়ে হায়দার-উজ-জামানের বিরুদ্ধে সমন জারি

চেক জালিয়াতির দায়ে ইন্টারন্যাশনাল প্রজেক্ট সাপোর্ট সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক হায়দার-উজ-জামানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ইন্টারন্যাশনাল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লি. এর নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক রাজীব পৃথক দুটি মামলা দায়ের করলে মহানগর হাকিম আবদুল্লাহ হেল বাকি এ সমন জারির আদেশ দেন।

বাদী জানান, অভিযুক্ত ওই প্রতিষ্ঠানটি বাদী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে বিলাসবহুল মার্সিডিজ, মিটসুবিশি, প্রাডো, নোয়া, ল্যান্ডক্রুজার গাড়ি কিনে মোবাইল কোম্পানি বাংলা লিংক, এরিকসন, ওয়ারিদ এবং আমেরিকান দূতাবাসে কর্মকর্তাদের পরিবহন সুবিধার জন্য ভাড়া দেয়।

২০০৪ সালের বিভিন্ন সময় অভিযুক্ত হায়দার উজ জামান গাড়ি কেনার জন্য বাদী প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১৭ কোটি টাকা ঋণ নেন। অনেক পরে অভিযুক্ত ১২ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক বাদীকে প্রদান করেন। বাদী চেক দুটি বনানী শাখায় ভাঙাতে গেলে ব্যাংক তা ফেরত দেয়।

গত রোববার একই অভিযুক্তদের বিরুদ্ধে একই বাদী আরও একটি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা করলে একই আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার আফ্ফান আহমেদ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ মুন্না।