খাজনা আদায়কে ঘিরে চাঁদপুরে সংঘর্ষে আহত ২৫
খাজনা আদায়কে কেন্দ্র করে সোমবার চাঁদপুরে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা পাঁচজনকে আটক করেছে।
আহতদের মধ্যে সেলিম গাজী (৩০), শামছু ভূঁইয়া (৩৫), হাসেম পাটোয়ারি (৫০), সফিক (১৮), শাহ আলম শেখ (৩৫), আবদুল বেপারী (৫৫) ও নুরুল ইসলামকে (৩০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদীতে খাজনা আদায় নিয়ে বর্তমান ইজারাদার ছানা খাঁ ও সাবেক ইজারাদার নূর গাজীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়।
চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন-হান্নান (২০), খলিল (৩০), নান্নু মিয়া (২২), আ. মান্নান গাজী (৫৮) ও সামছুল শেখ (৫৮)।
