ফিরছেন হাসিনা, সুধা সদনে ফিরেছে নিরাপত্তা বাহিনীও
তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা এবং হত্যাকাণ্ডের অভিযোগের মুখে দীর্ঘ ৫১ দিন বিদেশ সফর শেষে সোমবার বিকেলে দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশে তার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সুধা সদন ও এর আশেপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। প্রতি শিফটে ৫৩ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন। ভবনের আশেপাশে বসানো হয়েছে ১১টি নিরাপতাত চৌকি।
নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশের উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, শেখ হাসিনার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি প্রটেকশন টিম তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসবে। দুপুর পৌনে তিনটার দিকে নিরাপত্তা কর্মীদের ১০টি গাড়ি বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছে বলেও তিনি জানান।
২৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষ শাখার সদস্যদের প্রত্যাহার করা হলেও সোমবার তাদের পুনর্বহাল করা হয়েছে। ১০ সদস্যের এসবি টিমের নেতৃত্বে আছেন ইন্সপেক্টর সেলিনা বানু।
এদিকে সকাল থেকে দলের কোনো নেতাকর্মী সুধা সদনে আসেননি বলে জানিয়েছেন সুধা সদনের কর্মরত কর্মচারী রানা।
সাংবাদিকরা বার কয়েক সুধা সদনের ভেতরে যেতে চাইলেও গেট থেকে তাদের নিষেধ করা হয়েছে।
আমেরিকা ও যুক্তরাজ্যে অবস্থানের পর বাংলাদেশ সময় রাত ২টায় হাসিনাকে বহনকারী ইত্তিহাদ এয়ারওয়েজের বিমানটি হিথ্রো বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় কয়েকশ’ প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা শেখ হাসিনাকে বিদায় জানান।
