২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়া চিকিৎসায় জিঙ্ক ৫০ ভাগ মৃত্যুহার কমায়

ডায়রিয়া চিকিৎসায় জিঙ্কের ব্যবহার মৃত্যুহার ৫০ ভাগ কমিয়ে আনে। বাংলাদেশে জিঙ্কের ব্যবহার প্রতি বছর ৫০ হাজার শিশুর জীবন রক্ষা করতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 11:02 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সারা বিশ্বে রক্ষা করতে পারে চার লাখ শিশুর জীবন।

শনিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ডায়রিয়া চিকিৎসায় জিঙ্কের ব্যবহার নিয়ে “স্কেলিং আপ জিঙ্ক : দি ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ডা. এ এস এম মতিউর রহমান দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন।

মেজর জেনারেল (অব.) ডা. এ এস এম মতিউর রহমান বলেন, সরকার আইসিডিডিআর,বির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ প্রতিষ্ঠানের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ডায়রিয়া চিকিৎসায় জিঙ্কের ব্যবহারের গুরুত্ব অনুধাবন করে সরকার নীতি পরিবর্তন করেছে। চিকিৎসায় জিঙ্কের ব্যবহার সংযুক্ত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহজাহান বিশ্বাস বলেন, জাতীয় পুষ্টি কৌশলে জিঙ্ককে যুক্ত করতে হবে। সমাজ ও পারিবার পর্যায়ে জিঙ্কের ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোগ নিতে হবে।

জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ডায়রিয়ায় জিঙ্কের ব্যবহার শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে একটি মাইলস্টোন। জিঙ্ক শিশুদের মধ্যে ডায়রিয়া আক্রান্তের স্থায়িত্বকাল ৫২ শতাংশ হ্রাস করে।

সম্মেলনে জানানো হয়, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কোন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে ওরস্যালাইনের পাশাপাশি জিঙ্ক ট্যাবলেট দেওয়া প্রয়োজন। তবে ওরস্যালাইন বাদে শুধু জিঙ্ক ট্যাবলেট দেওয়া যাবে না। জিঙ্ক ট্যাবলেট প্রতিদিন একটি করে দশদিন খাওয়াতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিডিআর.বির নির্বাহী পরিচালক প্রফেসর ডেভিড এ স্যাক। স্বাস্থ্য অধিদপ্তর এবং আইসিডিডিআর,বি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।