২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ আদালতে মহিউদ্দিন আলমগীর, মীর নাছির ও আমানের মামলা

শীর্ষ তিন রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা তিনটি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত থেকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 01:43 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এই তিন রাজনীতিবিদ হলেন সাবেক প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও আমানউল্লাহ আমান।

অভিযোগপত্র গ্রহণের শুনানি শেষে রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ আদেশ দেন বিশেষ জজ আদালতের বিচারক মো. মোমিনউল্লাহ।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ড. মহিউদ্দিন খান আলমগীর, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ও আমানউল্লাহ আমানকে আদালতে আনা হয়।

আদালতে তাদের পক্ষের আইনজীবীরা অভিযোগপত্র আমলে না নিয়ে মামলাগুলো খারিজের আবেদন জানান। কিন্তু আদালত আবেদন গ্রহণ না করে শুনানির জন্য মামলাগুলো বিশেষ আদালতে পাঠানোর আদেশ দেন। এ সময় আসামিদের জামিন আবেদন মঞ্জুর না করে বিশেষ আদালতে সেগুলো শুনানির নির্দেশও দেন বিচারক।

এদিকে আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের ব্যাপারে আদালতে তার আইনজীবী সানাউল্লাহ বলেন, এর আগে হাইকোর্টে সাবেরা আমান জামিন চেয়েছেন। হাইকোর্ট সেইসময় মামলার গ্রহণযোগ্যতার শুনানি না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেয়।

সানাউল্লাহ আদালতকে আরও বলেন, অসুস্থ থাকায় সাবেরা আমান গত মাসের ২৩ তারিখ থেকে হাসপাতালে ভর্তি আছেন। এজন্য তিনি তার হাজিরা মওকুফের জন্য আদালতের কাছে দরখাস্ত দেন।

অন্যদিকে একই আদালতে হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ রোববার অনুষ্ঠিত হয়নি। বিচারক সাক্ষ্যগ্রহণের নথিপত্র সংসদ ভবনের বিশেষ আদালতে পাঠানোর নির্দেশ দেন।