পাটকলগুলোতে শ্রমিকদের বকেয়া পাওনা ১০২ কোটি টাকা
দেশের পাটকলগুলোতে শ্রমিকদের বকেয়া মজুরির পরিমাণ ১০২ কোটি টাকা। এর মধ্যে খুলনা অঞ্চলের পাটকলগুলোতে বকেয়া রয়েছে ৬০ কোটি টাকা।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পাট ও বস্ত্র শিল্প সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কর্তকর্তা এ তথ্য জানান।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে এ সভায় শ্রমিক অসন্তোষসহ বিরাজমান সঙ্কট নিরসনে একটি ‘সঙ্কট ব্যবস্থাপনা সেল’ গঠন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের নেতৃত্বে পোশাক ও বস্ত্রখাতের বিভিন্ন সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এ সেলকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় বিজেএমসির কর্তকর্তারা জানান, খুলনা অঞ্চলের পাটকলগুলোতে শ্রমিক অসন্তোষের মূল কারণ বকেয়া বেতন ও বিদ্যুৎ সমস্যা। সারাদেশে পাটকলগুলোতে শ্রমিকদের বকেয়া বেতনের পরিমান ১০২ কোটি টাকা। শুধু খুলনা অঞ্চলেই বকেয়া রয়েছে ৬০ কোটি টাকা।
সম্প্রতি খুলনার পাটকলগুলোতে ৩২ কোটি টাকা বকেয়া বেতন শ্রমিকদের পরিশোধ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
কর্মকর্তারা আরো বলেন, নির্ধারিত কাজের সময় আট ঘণ্টা হলেও বিদ্যুৎ সঙ্কটের কারণে খুলনা এলাকার পাটকল শ্রমিকরা দিনে মাত্র এক ঘণ্টা কাজ করার সুযোগ পান। যে কারণে সেখানকার পাটকলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারও ঠিকমত বেতন দিতে পারছে না। খুলনার পাটকলগুলোর জন্য ১৫ মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করা গেলে এ সঙ্কট নিরসন সম্ভব। একই সঙ্গে পাটের মৌসুমে ঠিকমত টাকা দিয়ে পাটকলগুলো সচল রাখা গেলে শ্রমিক অসন্তোষ নিরসন করা সম্ভব।
সভায় জানানো হয়, পাটকলগুলোর জন্য জুন-জুলাই মাসে টাকার প্রয়োজন হলেও সরকার বরাদ্দ দেয় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। এজন্য পাটকলগুলো সময়মত কৃষকদের কাছ থেকে পাট কিনতে পারে না। ফলে পাটকল সচলও রাখা যায় না।
সভা শেষে স্বরাষ্ট্রসচিব আবদুল করিম সাংবাদিকদের বলেন, সভায় বস্ত্র ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিরসনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় যে চুক্তি আছে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। যদি মালিক বা শ্রমিকদের কেউ এ চুক্তি না মানে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাটজাত পণ্যের চাহিদা আছে। পাটকলগুলোকে সচল করা গেলে সোনালী অতীত ফিরিয়ে আনা সম্ভব হবে।
স্বরাষ্ট্রসচিব, শ্রম ও কর্ম সংস্থানসচিব, প্রবাসী কল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিজেএমসির কর্মকর্তা এবং বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
