২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ অভিযুক্তের দুর্নীতির বিচার শুরু হচ্ছে বিশেষ আদালতে

দুর্নীতি দমন কমিশনের দেওয়া পাঁচটি মামলার অভিযোগপত্র দিয়ে রোববার থেকে জাতীয় সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। পাঁচটি বিশেষ আদালতের বিচারক রোববার থেকে তাদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 08:43 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলালউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে কমিশনের আনা অভিযোগের বিচার এই বিশেষ আদালতে শুরু হবে।”

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা বিশেষ আদালতের বিচার কাজ পরিচালনার জন্য পাঁচজন বিচারককে নিয়োগ দিয়েছে । ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ফিরোজ আলমকে বিশেষ জজ আদালত-১, ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অমর কুমার রায়কে বিশেষ জজ আদালত-২, ঢাকা প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান শাহেদ নুর উদ্দিনকে বিশেষ জজ আদালত-৩, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম সামসুন নাহারকে বিশেষ জজ আদালত-৪ এবং রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেনকে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়মিত আদালতের ওপর চাপ না বাড়িয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার গত মাসে জাতীয় সংসদ ভবনে একটি বিশেষ আদালত স্থাপন করে। এ জন্য জাতীয় সংসদ ভবন কর্তৃপক্ষের কাছ থেকে পুরানো এম পি হোস্টেলের ২ ও ৩ নম্বর ব¬কের ১ ও ২ নম্বর লাউঞ্জ, ডিনার হল, ২ ও ৩ নম্বর ব¬কের আটটি স্যুট ও ৪৮টি কক্ষ বরাদ্দ নেয় গণপূর্ত অধিদপ্তর।

এমপি হোস্টেলের ১ এবং ২ নম্বর এডি হলে তিনটি করে মোট ছয়টি আদালত স্থাপন করা হয়েছে। এছাড়াও সারাদেশে আরও ১৮টি একই রকম আদালত স্থাপন করা হবে।

এর মধ্যে ঢাকা অঞ্চলের জন্য পাঁচটি, চট্টগ্রামে তিনটি, রাজশাহীতে তিনিটি, খুলনায় তিনটি, সিলেটে দুটি এবং বরিশালে দুটি আদালত স্থাপন করা হবে।

গত ৬ মার্চ কমিশন তেজগাঁও থানায় মহীউদ্দিন খান আলমগীর, কাফরুল থানায় মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলাল উদ্দিন, গুলশান থানায় আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আলাদা তিনটি মামলা দায়ের করে।

গত ২৯ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।