খোলা বাজারের জন্য ভর্তুকির ৫০ কোটি টাকাই পানিতে
চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে অর্ন্তবর্তী প্রশাসনের ভর্তুকি দিয়ে খোলা বাজারে ন্যায্য মূল্যে চাল বিক্রির কর্মসূচি (ওএমএস বা ওপেন মার্কেট সেল) খুচরা বাজারে কোনো প্রভাব রাখতে পারেনি।
এ বিষয়ক সরকারি একটি প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, এ কর্মসূচিতে বরাদ্দ দেওয়া ৫০ কোটি টাকাই কার্যত জলে গেছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ধীরাজ মালাকারের কাছে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি শনিবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ আমি এ ব্যাপারে কোন মন্তব্য করব না।”
তবে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ ওএমএস কর্মসূচি পরিচালনা করা না হলে চালের দাম একেবারেই অস্বাভাবিক পর্যায়ে চলে যেতো। বোরো কাটা শুরু হয়েছে। এ চাল বাজারে উঠলেই দামটা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি আশাবাদী।”
সরকারি প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি চলাকালে দেশের পাচঁটি বিভাগে চালের দামের ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। শুধুমাত্র সিলেট বিভাগে প্রতি কেজি চালে ২০ পয়সা কমেছে।
ওএমএস কর্মসূচি ১৮ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলে। কর্মসূচির আওতায় সারা দেশে ১৩ হাজার ৫৪৪ জন ডিলারের মাধ্যমে ২ লাখ ৮৬ হাজার ৪৩২ মেট্রিক টন মোটা চাল বিক্রি করা হয়। প্রতি কেজি চালের মূল্য ছিল প্রথম দফায় ১৫ টাকা ২৫ পয়সা এবং ১৮ এপ্রিল থেকে ছিল ১৫ টাকা। এতে সরকারের ভর্তুকি দিতে হয়েছে ৫০ কোটি টাকারও বেশি।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকার ডিলারদের কাছে প্রতি কেজি চাল ১৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করেছে। অভ্যন্তরীন বাজার থেকে সরকার সাড়ে ১৫ টাকা কেজি দরে এ চাল সংগ্রহ করে।
প্রতি কেজিতে এক টাকা ৫৫ পয়সা করে ভর্তুকি দিয়ে এই চাল ডিলারদের হাতে তুলে দিতে হয়েছে। এতে শুধু ২ লাখ ৮৬ হাজার ৪৩২ মেট্রিক টন চালের কেনা দামের সঙ্গে বিক্রির পার্থক্য দাঁড়ায় ৪৪ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে যোগ হয়েছে পরিবহন খরচ, গুদাম ভাড়া, সংরক্ষণ চার্জ । সব মিলে ভর্তুকির পরিমান ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
মোটা চালের খুচরা বাজারের ওপর ওএমএস কর্মসূচীর প্রভাব সংক্রান্ত খাদ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ১৮ মার্চ ওএমএস কর্মসূচি চালু হওয়ার আগে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মোটা চালের খুচরা বাজারে প্রতি কেজি চালের গড় মূল্য ছিল ১৯ টাকা ৮১ পয়সা। কর্মসূচি শেষ হওয়ার দিন পর্যন্ত ৬৯ পয়সা বেড়ে গিয়ে প্রতি কেজি চালের গড় মূল্য দাড়িয়েছে ২০ টাকা ৫০ পয়সা।
এতে আরো বলা হয়, ১৮ মার্চ কর্মসূচি শুরু হওয়ার আগে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রতি কেজি চালের খুচরা মূল্য ছিল যথাক্রমে ১৮.৩৫ টাকা, ১৯.০২ টাকা, ২০.৪৩ টাকা, ১৯.৩২ টাকা এবং ২০.০৪ টাকা। আর কর্মসূচি শেষ হওয়ার দিন পর্যন্ত বিভাগগুলোতে প্রতি কেজি চালের দাম ছিল যথাক্রমে ২০.০১ টাকা, ১৯.২২ টাকা, ২১.০৭ টাকা, ২০.২০ টাকা এবং ২১.০০ টাকা।
সে হিসেবে ওএমএস কর্মসূচি চালু থাকা অবস্থাতেও চালের উর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়নি। এ সময়ে রাজশাহী বিভাগে এক টাকা ৬৬ পয়সা, খুলনায় ২০ পয়সা, বরিশালে ৬৪ পয়সা, ঢাকায় ৮৮ পয়সা এবং চট্টগ্রামে ৯৬ পয়সা করে চালের দাম বেড়ে গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, কর্মসূচি চালুর হওয়ার আগে সিলেট বিভাগে প্রতি কেজি চালের দাম ২১.৭০ টাকা ছিল এবং কর্মসূচি শেষ হওয়ার দিন পর্যন্ত ২০ পয়সা কমে গিয়ে প্রতি কেজি চালের দাম দাঁড়ায় ২১.৫০ পয়সা।
