ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৬ জন উদ্ধার
ভারতে পাচারের সময় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ‘নিরিবিলি’ এলাকা থেকে শনিবার নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় আপন দাস (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভারে র্যাব-১১ ক্যাম্পের লে. কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যাত্রিবাহী বাসে তল্লাশি শুরু করে। ঢাকা থেকে সাতক্ষীরাগামী রোজিনা এন্টারপ্রাইজের একটি বাস থেকে সকাল ১০টার দিকে ওই ৬ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হচ্ছে নোয়াখালী জেলার হাতিয়া থানার সঞ্জয় (১১), সঙ্করী (১৩), গোকুল (২৫) এবং চট্টগ্রামের বন্দর টিলা এলাকার বাসিন্দা পার্বতী (৪৫), রোকদি (১২) ও পাখি (১২)।
আরিফুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃত আপন দাস জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছে। সে জানিয়েছে, সে ও তার দলের লোকেরা চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা থেকে ওই ছয় জনকে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসে। তাদের সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার কথা ছিল।
শনিবার বিকেলে আশুলিয়া থানায় এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃতদের আশুলিয়া থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
