গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা
রাজধানীতে রোগ ব্যাধির প্রকোপ বেড়েছে। প্রচণ্ড গরমই এর কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারা বলছেন, সববয়সী লোক আক্রান্ত হলেও শিশুদের সংখ্যাই বেশি। ডায়রিয়া আক্রান্তদের দুই তৃতীয়াংশই শিশু। এদিকে শয্যা না পেয়ে শিশু হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে অনেককে।
শনিবার দুপুর ১টার দিকে শিশু হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, চিকিৎসকের কক্ষেই দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পানি শূন্যতায় আক্রান্ত দুই বছরের এক শিশুকে মায়ের কোলে রেখেই স্যালাইন দেওয়া হচ্ছে। শ্বাসকষ্টে আক্রান্ত অপর এক শিশুকে অক্সিজেন দেওয়া হচ্ছে জরুরি বিভাগের একমাত্র শয্যাটিতে রেখেই। শয্যা খালি না থাকায় এ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যাপ্ত শয্যা না থাকায় প্রতিদিনই শতাধিক রোগীকে ফিরে যেতে হচ্ছে। বর্হিবিভাগে রোগীর ভিড় বেশি। প্রতিদিন এ হাসপাতালে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি করা হচ্ছে। এর বেশি ভর্তি করা সম্ভবপর হয় না। অতিরিক্ত রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহওরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
শিশু হাসপাতালের চিকিৎসক রিয়াজ মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, প্রচুর রোগী আসছে। ডায়রিয়া আক্রান্ত শিশুই বেশি। রক্ত আমাশয়, ভাইরাস জনিত জ্বর, টাইফয়েড, মেনিনজাইটিস, নিউমোনিয়ার, জলবসন্ত ও হামের রোগীও পাওয়া যাচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, হামের মতো র্যাশসহ রোগী পাওয়া যাচ্ছে। হামের লক্ষণ হচ্ছে কাশি, জ্বর, চোখে লাল লাল ভাব। কিন্তু এখন যেটা পাওয়া যাচ্ছে, তা ঠিক হাম নয়। গরমের কারণে এটা হতে পারে।
জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, এমনিতেই হাসপাতালে শয্যা সঙ্কট রয়েছে। এরপর মৌসুমী রোগ ব্যাধির কারণে রোগীর সংখ্যা বেড়ে গেছে। তাই একটু সমস্যা হচ্ছে।
শিশু হাসপাতালের শয্যা ৩৮৭টি।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি) এর বিজ্ঞানী ডা. প্রদীপ কে বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশই শিশু। প্রতিদিন কলেরা হাসপাতালে গড়ে চারশ’ রোগী ভর্তি হচ্ছে।
