বুড়িগঙ্গায় ত্রিমুখী সংঘাতের পর ডুবে গিয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু
বুড়িগঙ্গা ভ্রমণে যাওয়া সহযাত্রীদের দুই দলের মধ্যে সংঘর্ষ এবং পরে তাদের ওপর আনসার সদস্য, লঞ্চ ও ঘাটের কর্মচারীদের হামলার ঘটনায় পালাতে গিয়ে কমপক্ষে ৯ যাত্রী পানিতে ডুবে মারা গেছেন।
লঞ্চের যাত্রী ও সঙ্গীত দল লাভ টাচ এর সদস্য পপি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় প্রায় ২শ’ নারী-পুরুষ নিয়ে এমভি নিউ সান-৪ লঞ্চটি সদরঘাট থেকে পদ্মার চরের দিকে যাত্রা করে। এক পর্যায়ে যাত্রীদের অনেকেই মদ খেয়ে উশৃঙ্খল আচরণ শুরু করে। তাদের কয়েকজন সঙ্গীত দলের নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেছে বলে জানান পপি।
লঞ্চে থাকা আনসার সদস্যরা জানান, লঞ্চ মাঝনদীতে থাকতেই যাত্রীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আনসার সদস্যরা এ তাদের নিবৃত্ত করতে গেলে নিজেরাই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবেন বলে জানান তারা।
বিকেল চারটার দিকে লঞ্চটি মেঘনা ঘাটের কাছে ভিড়লে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। যাত্রীরা দুই দলে বিভক্ত হয়ে পড়েন। একপর্যায়ে লঞ্চে ভাংচুর শুরু হলে কর্মচারীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে যাত্রী ও আনসার সদস্যরা জানান।
তারা জানান, ফরাশগঞ্জ থেকে ওঠা একদল যুবক বেশি উশৃঙ্খল আচরণ করে এবং তারা নারী যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে। এ নিয়ে আরেকদল যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। আয়োজকরা ফরাশগঞ্জের ওই যুবকদের নিবৃত্ত করেন। কিন্তু ফরাশগঞ্জের যুবকরা ফোন করে তাদের বন্ধুদের সদরঘাটে ডেকে নিয়ে আসে। সদরঘাটে লঞ্চ ভিড়লে ওই যুবকরা লঞ্চে হামলা চালায়।
এ সময় লঞ্চ ও ঘাট শ্রমিক এবং আনসার সদস্যরাও যাত্রীদের ওপর হামলা চালায়। আতঙ্কিত যাত্রীরা পালানোর চেষ্টা করেন। তাদের কয়েকজন লঞ্চ থেকে পাশের নৌকায় লাফিয়ে পড়েন। এ সময় লঞ্চ থেকে পানিতে পড়ে গিয়ে এবং নৌকা উল্টে কয়েকজন ডুবে যান।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদরঘাট এলাকা থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সাত জন হলেন, হাসিবুল হাসান শান্ত (১৯), শাহীন (২১), জাবেদ (৩৫), প্রিয়তোষ মণ্ডল বাবু (২৫), লিটন (২২), শহীদুল ইসলাম (২২), সূচনা আক্তার রুমা (১৪) ও হিল্লোল। অন্য একজনের পরিচয় এখনো মেলেনি। এখনো একজন নিখোঁজ আছে বলে জানা গেছে।
ঘটনা খতিয়ে দেখতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ হানিফ জানান, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন চৌধুরীকে (প্রশাসন) প্রধান করে চার সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দমকল কর্মকর্তা সেলিম নেওয়াজ ভূইয়া বলেন, “লঞ্চ থেকে বেশ কিছু যাত্রী লাফিয়ে পড়লে তিনটি নৌকা উল্টে যায়। সাঁতার না জানা এবং আঘাতের কারণে তাদের অনেকে ডুবে মারা যান।”
ডুবুরিরা একটি ভিডিও ক্যামেরা এবং টেপ উদ্ধার করেছে। এতে ভ্রমণের দৃশ্য ধারণ করা হয়েছে। এছাড়া লঞ্চে মদ্যপান করারও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার নজমুল হোসেন জানান, ওইসময় লঞ্চ ও সদরঘাট টার্মিনালে কর্তব্যরত আনসার সদস্যদের তালিকা করা হচ্ছে।
