২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে যৌথবাহিনীর হাতে আটক ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত নির্যাতন ও নাক দিয়ে গরম পানি ঢালার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জানে আলম (৩৩) নামের ওই ব্যবসায়ী যৌথবাহিনীর হাতে আটক হয় এবং পরে পুলিশে হস্তান্তর করার পর অসুস্থবোধ করলে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

যৌথবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার পলাতক আসামী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকপাড়া গ্রামের মিয়া হোসেনের পুত্র জানে আলমকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হ্নীলা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাকে টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, নৌ বাহিনীর সদস্যরা জানে আলমকে প্রথমবার আটক করতে গেলে একজন নৌ সদস্যকে তিনি ঘুষি মেরে পালিয়ে যান। পরে নৌ বাহিনীর আরেকটি দল তাকে গ্রেপ্তার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, যৌথবাহিনীর সদস্যরা আটক আসামীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করে। পুলিশে হস্তান্তরের পর জানে আলম অসুস্থবোধ করলে দ্রুত তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার থানায় নিয়ে আসা হয়। কিন্তু রাত ১২টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে অস্বীকৃতি জানান।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুল ইসলাম জানান, পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ থানায় নিয়ে যায়। আবার রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই বন্দিকে নিয়ে আসে পুলিশ এবং হাসপাতালে আনার ৫ মিনিটের মধ্যেই তিনি মারা যান।

তিনি আরও জানান, ওই বন্দির পশ্চাৎদেশ ও পায়ের ওপরের অংশে আঘাতের চিহ্ন ছিল। তার নাক দিয়ে প্রচুর গরম পানি ঢালা হয়েছে। ওই কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করছেন। রোগী ডায়াবেটিস আক্রান্ত ছিলেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে টেকনাফে নৌ বাহিনীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাদের হেফাজতে নয়, পুলিশে হস্তান্তর করার পর হাসপাতালে ওই বন্দির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় তিনি মৃত্যুর কারণ সম্পর্কে এ মুহুর্তে কিছুই জানাতে অপারগতা প্রকাশ করেন।