২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদীর বাড়িতে পিটুনিতে আহত আসামীর মৃত্যু

সদর উপজেলার সদরপুরের গ্রামে একটি হত্যা মামলার বাদীর বাড়িতে পিটুনিতে আহত আসামী কামরুল হাসান (৫৫) শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 08:14 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বুধবার রাত ১২টার দিকে আকটেরচর ইউনিয়নের সলেনামা খালপাড় গ্রামে কামরুল পিটুনিতে আহত হন। গুরুতর অবস্থায় অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মারা যান তিনি।

শুক্রবার ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ২০০৪ সালের ৪ নভেম্বর আকটেরচর ইউনিয়ন পরিষদের সদস্য সুনু মোল্লা সন্ত্রাসী হামলায় নিহত হয়। পরদিন নিহতের স্ত্রী ইয়ারুন নেসা বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় ঢেউখালী ইউনিয়নের চাকলাদার জাহিদ গ্রামের কামরুলসহ চারজনকে আসামী করা হয়। কামরুল হাসান গ্রেপ্তার হলেও পরে জামিনে ছাড়া পান।

সুনু মোল্লার ভাই আরজান মোল্লা দাবি করেন, তাকে অপহরণের উদ্দেশে বুধবার রাতে কামরুল ও তার দলবল তাদের বাড়িতে হামলা চালালে গ্রামবাসী কামরুলকে ধরে পিটুনি দেয়। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে কামরুলের স্ত্রী সেলিনা বেগম দাবি করেছেন, আপসের কথা বলে তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে সদরপুর থানার উপ পরিদর্শক আবদুল আলীম মোল্লা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।