পাবনায় গরমে দুই কৃষকের মৃত্যু
সদর উপজেলার রানীনগর ও ধোকরাকেল গ্রামে শুক্রবার দুপুরে মজনু মিয়া (৫০) এবং হিরাই মন্ডল (৫০) নামে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।
প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন এবং স্থানীয় গ্রামবাসী ধারণা করছে।
এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ ব্যক্তি।
দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, বোরো ধান কাটার সময় ওই দুইজন অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় চিকিৎসক ডা. কফিলউদ্দিন জানান, হিট স্ট্রোকে এদের মৃত্যু হয়েছে।
এদিকে ডেপুটি সিভিল সার্জন আজমল হোসেন জানান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
