সীতাকুণ্ডে ৮০০ ড্রাম ভেজাল লুব্রিকেন্টস উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভেজাল তেলের ডিপোতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে যৌথবাহিনী ৮০০ ড্রাম ভেজাল লুব্রিকেন্টস অয়েল উদ্ধার করেছে।
এসময় ভেজাল তেল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার ফৌজদারহাট এলাকায় ও পার্শ্ববর্তী বানুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ভেজাল তেল ভর্তি ড্রাম উদ্ধার করা হয়। ৮০০ ড্রামের প্রতিটিতে ২০০ লিটার করে মোট ১ লাখ ৬০ হাজার লিটার ভেজাল লুব্রিকেন্টস পাওয়া যায়।
সূত্র জানায়, এখানে আনুমানিক চার গণ্ডা জমির ওপর অবৈধ একটি তেলের ডিপো খুলে দীর্ঘদিন থেকে স্ক্র্যাপ জাহাজের পোড়া তেল মিশিয়ে বাজারে লুব্রিকেন্টস হিসেবে বিক্রি করা হচ্ছিল। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে তেল ডিপোর মালিক ও অন্যান্যরা পালিয়ে যায়।
যৌথবাহিনী সিরাজুল মওলা নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিরাজুল ওই তেল ডিপোতে চাকরি করেন বলে দাবি করছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
