সাতক্ষীরায় ভারতীয় গলদা চিংড়ির পোনা আটক
ভারত থেকে পাচার হয়ে আসা ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের গলদা চিংড়ির পোনা আটক করেছে বিডিআর।
শুক্রবার সকালে সাতক্ষীরার আলিপুর চেকপাস্টের কাছে একটি মাইক্রোবাস থেকে ওই চিংড়ি আটক করা হয়।
বিডিআর এর ৪১ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “শুক্রবার সকালে ভোমরা সীমান্ত থেকে শহরের দিকে আসা একটি মাইক্রোবাসকে ঘিরে সন্দেহ সৃষ্টি হওয়ায় বিডিআর সদস্যরা পিছু নেয়। শহর থেকে সাত কিলোমিটার দূরে আলিপুর চেকপোস্টের কাছাকাছি এসে রাস্তায় ব্যারিকেড দেখে মাইক্রোবাস রেখে আরোহীরা পালিয়ে যায়। এসময় মাইক্রোবাসটি থেকে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকা দামের ১৫০ প্যাকেট গলদা চিংড়ির পোনা আটক করা হয়।”
তিনি জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
