২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদনে আণবিক শক্তিকে কাজে লাগাতে হবে: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার সময় এসে গেছে। এক্ষেত্রে আণবিক শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে বেছে নেওয়াই সবচেয়ে উত্তম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির (বিপিএস) বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। প্রধান অতিথি হিসেবে তিনি দুইদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ খাতগুলোর চাহিদা মেটাতে সরকার বিপণিবিতান, বিজ্ঞাপনসহ বেশকিছু ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করেছে। এতে তাৎক্ষণিকভাবে কিছুটা সুফল এলেও বসে থাকার সময় নেই। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এখনই পদক্ষেপ নিতে হবে। স্বল্পমেয়াদে তত্ত্বাবধায়ক সরকার কিছু উদ্যোগ নিয়েছে। কিন্তু এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লা ব্যবহার করা হলেও এগুলোর মজুদ খুবই কম। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গ্যাস ও কয়লার মজুদের ওপর ভরসা করার সুযোগ নেই।

আণবিক শক্তির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এজন্য বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র কাজ করছে। তবে আণবিক শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি সিএস করিম পদার্থ বিজ্ঞানকে সকল বিজ্ঞানের ‘জননী’ অভিহিত করে বলেন, “সামগ্রিক উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণায় মনোযোগ দিতে হবে। আমাদের দেশে সত্যেন বসুর মতো প্রতিভাবান বিজ্ঞানী জন্ম নিয়েছেন। তবে তার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারিনি।”

বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সত্যেন বসুর নামে একটি সড়কের নামকরণের জন্য তিনি সরকারের কাছে সুপারিশ করবেন বলে জানান। পাশাপাশি বিজ্ঞান গবেষণায় বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন।

তিনি বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা এবং আণবিক শক্তি ব্যবহারের বিষয়ে বলেন, বিকল্প হিসেবে আণবিক শক্তি খুবই সম্ভাবনাময়। বিশ্বে বিদ্যুতের চাহিদা মেটাতে এখন ৪৫টি পারমাণবিক চুিল্ল বসানো হয়েছে। এটা সম্ভব না হলে জ্বালানি তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যেত।

বিদ্যুৎকে উৎপাদনের অপরিহার্য উপাদান অভিহিত করে তিনি বলেন, আণবিক শক্তিকে ব্যবহারের জন্য এই খাতে আরও গবেষণার প্রয়োজন। এ বিষয়ে সরকার প্রধানের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। শিগগিরই এ কমিটির সভায় বিষয়টি পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বুয়েটের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ বিশ্বব্যাংকের শিক্ষা সংকোচন নীতির সমালোচনা করে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে পর্যাপ্ত অর্থ নেই। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদালয়গুলো শিক্ষা কার্যক্রম চালাচ্ছে খণ্ডকালীন শিক্ষকদের নিয়ে। এভাবে গুণগত শিক্ষা ও গবেষণা হতে পারে না।

অনুষ্ঠানে ‘সম্মানিত অতিথি’ হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুহতাসিম হোসাইন এবং অধ্যাপক এ এম হারুন অর রশিদ।

প্রায় দুই শতাধিক সদস্য এ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান। দুদিনব্যাপী সম্মেলনে গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন এবং এর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।