২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙ্গাভাব ধরে রেখে সপ্তাহ শেষ করলো শেয়ার বাজার

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানী প্রতিষ্ঠানগুলোর আকর্ষনীয় শেয়ার কেনার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীরা অতিরিক্ত আগ্রহী হওয়ায় বৃহস্পতিবার পুঁজি বাজার চাঙ্গা ছিল। শেয়ারের কেনাবেচা বাড়ার কারণে লেনদেনের পরিমান বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

১ ও ২ মে ‘মে দিবস’ এবং বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার আধ ঘন্টা পরই বাজার চাঙ্গা হতে শুরু করে। সারাদিনই চাঙ্গাভাব বজায় ছিল এবং টানা ষষ্ঠ দিন লেনদেন বাড়ার মধ্য দিয়ে দিন শেষ হয়।

ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং জা¡লানী প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও অন্যান্য খাতের শেয়ারের দাম কমেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৮৪ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা। সোমবার ৫৯ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। সোমবার লেনদেন হয় ১০ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে ডিজিইএন বা সাধারণ সূচক ১৯ দশমিক ০৩ পয়েন্ট বা এক দশমিক ০৯ শতাংশ বেড়ে ১,৭৬২ দশমিক ৩৫ পয়েন্ট হয়।

ডিএসআই বা সার্বিক সূচক ৯ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১,৪৯৬ দশমিক ৯২ পয়েন্ট হয়।

আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ২৭ দশমিক ১১ পয়েন্ট বা এক দশমিক ৯৪ শতাংশ বেড়ে ১,৪১৯ দশমিক ৬৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে সকল সূচক ঊর্ধ্বমুখী ছিল।

লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৪৯১ টাকা হয়। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

পরবর্তী অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৫৮৬ টাকা হয়। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৪৯ ভাগ বেড়ে ৫৯৪ টাকা ৭৫ পয়সা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৩৩ ভাগ বেড়ে ৩৩৩ টাকা ৭৫ পয়সা এবং প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৮ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৫২৪ টাকা ২৫ পয়সা হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৮৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানের মধ্যে ৪৫ টির দাম বেড়েছে, কমেছে ৩৪ টির অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।