মুদ্রাস্ফীতি বাড়ছেই
সরকারের মজুতদারি বিরোধী অভিযান এবং লক্ষ্যমাত্রার তুলনায় খাদ্যশস্যের উৎপাদন কমে যাওয়ার কারণে মাস ভিত্তিক (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারির ৭ দশমিক ২৮ শতাংশ মার্চ মাসে বেড়ে ৭ দশমিক ৪৩ শতাংশ হয়েছে।
ব্যবসায়ীদের মধ্যে মূল্যস্ফীতি বাড়ার আশংকার কারণেও বাজারে পণ্যের দামের স্তর বেড়েছে।
মূল্যস্ফীতির গড় হারও ফেব্রুয়ারি মাসের ৬ দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে মার্চ মাসে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই মাস ভিত্তিক (পয়েন্ট-টুপয়েন্ট) এং গড় মূল্যস্ফীতির হার বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “ সরকারের মজুতদারি বিরেধী অভিযানের কারণে বাজরে পণ্য সরবরাহের স্বাভাবিকতা নষ্ট হয়। আউশ ও আমনসহ খাদ্যশস্যের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়ার কারণেও বাজারে দাম বেড়েছে।”
বর্তমান সরকারের পরিচালিত দুর্নীতি বিরোধী অভিযান এবং মজুতদারি বিরোধী অভিযানের কারণে ব্যবসায়ীরা অস্বস্তিবোধ করায় বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রে বিঘ্ন ঘটে বলে অভিযোগ রয়েছে।
খাদ্য ও কৃষি সম্পদ মন্ত্রণালয় জানায়, ২০০৬-০৭ অর্থবছরে জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে আউশ ও আমন ধানের উৎপাদন হয়েছে ১২৪ লাখ ১২ হাজার মেট্রিকটন। গতবছর একই সময়ে উৎপাদনের পরিমান ছিল ১২৫ লাখ ৫৫ হাজার মেট্রিকটন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাটি জানান, খাদ্যশস্যের সীমিত আমদানিও দাম বাড়ার ব্যাপারে ভূমিকা রেখেছে।
চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ১৭ লাখ ৮ হাজার মেট্রিকটন খাদ্যশষ্য আমদানি করা হয়। গতবছর একই সময়ে খাদ্যশস্যের আমদানির পরিমাণ ছিল ১৯ লাখ ৪১ হাজার মেট্রিকটন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ এর গবেষণা বিভাগের পরিচালক জায়েদ বখত বলেন, মূল্যস্ফীতির মূল কারণ হলো ব্যবসায়ীদের মূল্যস্ফীতির ব্যাপারে আশংকা।
জায়েদ বখত বলেন, বরো উৎপাদন কম হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা তাদের পণ্য মজুদে উৎসাহী হয়েছে।
অপরদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে সরকারি ব্যয় চাহিদার মাত্রা বাড়িয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের কাছে মূল্যস্ফীতির আশংকা উচ্চ ছিল। পণ্যের সরবরাহ বাড়ানোর জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ আরও বাড়াতে সরকারি পদক্ষেপ নেওয়া দরকার।”
