সালমান এফ রহমানকে জামিন দেয়নি হাইকোর্ট
আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুইটি ফৌজদারি মামলায় জামিন দেয়নি হাইকোর্ট।
তবে এ মামলা দুইটিতে কেন তার জামিন মঞ্জুর করা হবে না আগামী এক সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য আদালত সরকারের প্রতি রুল জারি করেছে।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালমান এফ রহমানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে।
গত ৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর ৫ ফেব্রুয়ারি তার বাসায় তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫১৩ ডলার ও ৯ শ পাউন্ড এবং ১৬ টি দেশের মুদ্রা পায় আইন-শৃঙ্খলা বাহিনী। এই অভিযোগে ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গুলশান থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। এ ছাড়া ৫ ফেব্রুয়ারি জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।
মামলা দুইটিতে তার পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।
