২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পুনর্গঠিত হচ্ছে ছোট-বড় ৩০টি জঙ্গি সংগঠন

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ নিষিদ্ধ হওয়ার পর একই আদর্শসম্পন্ন ৩০টি জঙ্গি সংগঠন একত্রিত করে গড়ে তোলা হয়েছে নতুন জঙ্গি সংগঠন। তবে পুনর্গঠিত নতুন এই জঙ্গি সংগঠনের নাম এখনও নির্ধারণ করা হয়নি।

আহসান হাবীব নীলু

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:51 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

নামহীন সংগঠনটির মূলমন্ত্র ‘তাগুতি শাসনের অবসান ঘটিয়ে তাওহিদী শাসন ব্যবস্থা কায়েম করা’।

জেএমবি ও নতুন পুনর্গঠিত সংগঠনটির বর্তমান প্রধান মতিন মেহেদী তৃতীয় দফা পুলিশি রিমান্ডে এ সব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি জানান, নতুন এই সংগঠনটির শীর্ষ পদের পদবী ‘তারকা’। এর নিচের স্তর হচ্ছে ‘তত্ত্বাবধায়ক পরিষদ’। ‘নির্বাহী’ পদবীটি ‘তত্ত্বাবধায়ক পরিষদ’ এর পরের অবস্থান। এই নির্বাহীরা সাংগঠনিক জেলাগুলোর দেখভালের দায়িত্ব পালন করবেন। এর পরের পদবী ‘নায়ক’। তারা হবেন গ্রাম পর্যায়ের সর্বোচ্চ নেতা।

সোমবার মতিন মেহেদীকে তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি এসব তথ্য দেন। বুধবার তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়। পুলিশ তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখছে। এ ছাড়া মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে নামহীন এই সংগঠনটির যোগসূত্র থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।

এর আগে দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে আনা হলে এই জঙ্গি নেতা চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছিলেন।

গত ২৬ এপ্রিল জিজ্ঞাসাবাদ সেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাইদ ও মামলার তদন্ত কর্মকর্তা নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছিলেন, পার্বত্য অঞ্চলের তিন জেলা বাদে ৬১টি জেলাকে ৭৯টি সাংগঠনিক জেলায় ভাগ করে জঙ্গি সংগঠন তাদের কর্ম তৎপরতা চালাচ্ছে বলে মেহেদী স্বীকারোক্তি দিয়েছিল দ্বিতীয় দফার রিমান্ডে। এ ছাড়া ৩৩ জেলায় সাংগঠনিক কাঠামো তৈরি এবং বাকি জেলাগুলোতে কাঠামো গঠনের কার্যক্রম পুরোদমে শুরু করা হয়েছিল বলেও তারা জানান।

তৃতীয় দফা জিজ্ঞাসাবাদে নতুন গড়ে ওঠা সংগঠনটির সঙ্গে যুক্ত ৩০টি জঙ্গি সংগঠনের মধ্যে ১৬টির ব্যাপারে মতিন মেহেদী ও অন্য জঙ্গিরা তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

তাওহিদী জনতা, শাহাদত-ই নব্যুয়ত, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, হিজবুত তাওহিদ, আল জিহাদ বাংলাদেশ, আমরা ঢাকাবাসী, হিজবুল্লাহ ইসলামী সমাজ, মুসলিম মিল্লাত শরিয়াহ কাউন্সিল, ইসলামী সলিডারিটি ফ্রণ্ট, আহলে হাদিস যুব সংঘ, আঞ্জুমানে তালামায়ে ইসলামিয়া, তাফিজ-ই-হারামাইন পরিষদ, আলা হারামানই খেদমতে ইসলাম, হেফাজতে খতমে নব্যুয়ত, আহলে হাদিস তাবলীগে ইসলাম এবং তানজীব বাংলাদেশ ছাড়াও এরকম আরও ১৪টি সংগঠন মিলে গড়ে তোলা হচ্ছে নতুন জঙ্গি সংগঠনটি।

কুড়িগ্রাম পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “মঙ্গলবারের বোমা বিস্ফোরণের সঙ্গে মতিন মেহেদীর কোন যোগসূত্র আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।”

নতুন করে জঙ্গি তৎপরতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার বিষয়টিও জানান তিনি।