২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফেনী, নাটোর ও জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর এর ফেনী প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর রাস্তার মাথায় সকাল ১১টার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী সীবার্ড পরিবহনের একটি বাস একটি টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি উল্টে যায়।

টেম্পোযাত্রী আবদুল মালেক ও জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে বিভিন্ন ফেনী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর এর নাটোর প্রতিনিধি জানান, জেলার বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে সনি পরিবহনের যাত্রীবাহী একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকসহ দুইজন নিহত হয়।

নিহতরা হলেন চালক লোকমান হোসেন (৪৫) ও যাত্রী আবুল হোসেন (৩০)। নিহত চালকের বাড়ি পাবনার আতাইকুলা এবং আবুল হোসেনের বাড়ি পিরোজপুর।

দুর্ঘটনায় আরও ১০ জন যাত্রী আহত হয়েছে। বাসটি ঈশ্বরদী থেকে বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় আবদুল করিম (৫২) নামের এক ট্রাক চালক মারা গেছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌবাড়িয়া গ্রামে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, জয়পুরহাট থেকে মাছের খাবার বোঝাই বগুড়াগামী একটি ট্রাক পাঁচশিরা বাজারের কাছে পৌঁছালে চাকা ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান।